News

নাইজেরিয়ায় নৌকা ডুবে ২৪ জনের মৃত্যু

একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়ার পথে দক্ষিণ নাইজেরিয়ার বায়েলসা রাজ্যে যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় ২৪ জনের প্রাণহানি ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) সংঘটিত এই দুর্ঘটনায় আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জরুরি পরিষেবা ও পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে।

শনিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো এজেকি জানান, বায়েলসা রাজ্যের নান নদীতে নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনাস্থলে এখনো অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। তবে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন এবং এখনো কতজন নিখোঁজ রয়েছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ জানান, প্রাথমিক তদন্ত অনুযায়ী নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। যাত্রীরা তখন চালককে নৌকাটি ডাঙ্গার দিকে নিয়ে যাওয়ার অনুরোধ করলেও তিনি তাতে রাজি হননি। দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে যান, তবে নৌকার ব্যবস্থাপককে আটক করেছে পুলিশ।

এই মর্মান্তিক ঘটনার পর নৌকাচালক ও যাত্রীদের কঠোরভাবে নিরাপত্তা বিধি অনুসরণের আহ্বান জানিয়েছে বায়েলসা রাজ্য সরকার। শনিবার এক বিবৃতিতে রাজ্যের তথ্য কমিশনার এবিউউ কোকু-ওবিয়াই বলেন, অতিরিক্ত যাত্রী পরিবহন, অতিরিক্ত গতি, বেপরোয়া আচরণ এবং লাইফ জ্যাকেট ছাড়া নৌযাত্রা অবশ্যই বন্ধ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, কোনো যাত্রাই জীবনের চেয়ে মূল্যবান নয়।

আরো পড়ুন

source: Rajneete

Back to top button