News

কৃষ্ণসাগরে তেলবাহী জাহাজে ড্রোন হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার করল রাশিয়া

কৃষ্ণসাগরে অপরিশোধিত জ্বালানি তেলবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে বিধস্ত সেই জাহাজটি থেকে ২৩ জন ভারতীয় নাবিককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে রাশিয়ার কোস্টগার্ড বাহিনী।

গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, লাইবেরিয়ার পতকাবাহী ‘আফরাম্যাক্স রিও’ নামের জাহাজটিতে একটি নাভাল (সমুদ্রে ব্যবহারের উপযোগী) ড্রোন আঘাত হানে। হামলার পর জাহাজটিতে দ্রুত আগুন ধরে যায় এবং তা পুরো জাহাজে ছড়িয়ে পড়ে।

বিবৃতিতে বলা হয়, “জাহাজটিতে মোট ২৩ জন নাবিক ছিলেন এবং তাঁরা সবাই ভারতীয়। রাশিয়ার কোস্টগার্ড বাহিনীর উদ্ধারকারী দল যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন পুরো জাহাজে আগুন জ্বলছিল। আগুনের তীব্রতার কারণে উদ্ধার অভিযানে বেশ বেগ পেতে হলেও সবাইকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।”

রুশ পরিবহন মন্ত্রণালয় আরও জানিয়েছে, নাবিকদের উদ্ধারের পর দমকল বাহিনীর কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সাগরের বুকে জাহাজটি দাউদাউ করে জ্বলছে এবং আকাশজুড়ে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী উঠছে।

হামলাটি ঘটেছে কৃষ্ণসাগর তীরবর্তী রুশ রিসোর্ট শহর সোচির কাছাকাছি ‘সাইরিয়াস’ নামক এলাকায়। ঘটনার পর সাইরিয়াসের সবকটি সৈকতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এখন পর্যন্ত কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার না করলেও এটি ইউক্রেন ঘটিয়েছে বলেই ধারণা করা হচ্ছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী, রাশিয়ার অপরিশোধিত তেল পরিবহনের সঙ্গে জড়িত থাকায় ট্যাঙ্কারটি আগেই ইউক্রেনের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত ছিল।

source: Rajneete

Back to top button