ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নিয়ে বিটোপিয়ার বিরুদ্ধে নানা অভিযোগ, তদন্ত চায় বেসিস

আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, ব্যক্তিগত তথ্যের ব্যবহার, ভুয়া অর্ডার-রিভিউ ও মার্কেটপ্লেসের নীতিমালা লঙ্ঘনসহ বিটোপিয়া গ্রুপকে ঘিরে ওঠা অভিযোগের স্বচ্ছ তদন্ত ও ন্যায়সংগত প্রক্রিয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে বেসিস কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়।
লিখিত বক্তব্য পাঠ করেন বেসিস সহায়ক কমিটির সদস্য ও ট্রাস্ট-আইটি (বিডি) লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুয়েল।
তিনি বলেন, যথাযথ তদন্ত ছাড়া অভিযোগের সত্যতা চূড়ান্তভাবে নির্ধারণ করা সম্ভব নয়। প্রতারণা, ভুয়া পরিচয়, ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, ভুয়া অর্ডার, কৃত্রিম রিভিউ বা আন্তর্জাতিক প্ল্যাটফর্মের নীতিমালা লঙ্ঘনকে বেসিস সমর্থন করে না। তবে তদন্তের আগে কাউকে দোষী সাব্যস্ত না করে ন্যায়সংগত প্রক্রিয়া নিশ্চিত করতে হবে।
বেসিস জানায়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান সদস্য হলে গঠনতন্ত্র ও আচরণবিধি অনুযায়ী বিষয়টি যাচাই করা হবে। গুরুতর অনিয়মের প্রমাণ পাওয়া গেলে যথাযথ প্রক্রিয়ায় সদস্যপদ স্থগিতসহ প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
মোহাম্মদ জুয়েল আরও বলেন, সরকারি তদন্তে বেসিস সহযোগিতা করবে। ক্ষতিগ্রস্ত ফ্রিল্যান্সার ও সাবেক কর্মীদের তথ্য সংগ্রহে ‘Complaint & Evidence Collection’ ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ফ্রিল্যান্সিং খাতের জন্য একটি National Freelancing & Marketplace Governance Framework তৈরিতে সরকারের সঙ্গে কাজ করার প্রস্তাব দেওয়া হবে।
বেসিসের পক্ষ থেকে বলা হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনিয়মের দায় দেশের লাখো সৎ ফ্রিল্যান্সারের ওপর বর্তানো উচিত নয়। স্বচ্ছ তদন্ত, ক্ষতিগ্রস্তদের সুরক্ষা এবং দেশের ফ্রিল্যান্সিং খাতের আন্তর্জাতিক সুনাম রক্ষায় সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চায় সংগঠনটি।
source: Asia Post







