News

অন্তর্বর্তী সরকারের শাসনামলে আমার আদেশে একটি গ্রেপ্তারও হয়নি: আসিফ নজরুল

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টার দায়িত্বে থাকাকালে একটি গ্রেপ্তারও তার আদেশে হয়নি বলে দাবি করেছেন সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি উল্লেখ করেন, গ্রেপ্তার অভিযান পরিচালনা করে পুলিশ, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এক টকশোতে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, সাংবাদিকদের গ্রেপ্তার কি আইন মন্ত্রণালয় করে? এ প্রশ্নকারীদের উত্তর দিতে দিতে আমি ক্লান্ত। কাউকে গ্রেপ্তার করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনা করেন। তাই গ্রেপ্তার করা বা না করার বিষয়ে আইন মন্ত্রণালয়ের কিছু করার থাকে না।

তিনি আরও বলেন, যারা গ্রেপ্তার হয়েছেন, তাদের ব্যাপারে আমি নেপথ্যে কী ভূমিকা রেখেছি এবং যারা ৪-৫ মাস ধরে গ্রেপ্তার হননি, তাদের পেছনেই-বা আমার কী ভূমিকা ছিল, তা সংশ্লিষ্ট ব্যক্তিরাই ভালো জানেন। আমি তখন সরকারের ভেতরে শপথমুখী একজন সদস্য ছিলাম; তাই সে সময় সব কথা চাইলে বলতে পারিনি।

উপস্থাপকের উদ্দেশ্যে সাবেক এই আইন উপদেষ্টা বলেন, আপনার কি মনে হয় আমি আইনের শাসন বাস্তবায়নের দায়িত্বে থাকা অবস্থায় আমার ভূমিকা রাখতে পারিনি? আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। কারণ, একটি সরকারের ভেতরে থেকে একজন মানুষ চাইলেই একা সবকিছু করতে পারে না।

সরকারের ভেতরের চিত্র তুলে ধরে তিনি বলেন, আমাদের সরকারের ভেতরে কট্টরপন্থী একটি গোষ্ঠী বা অংশ ছিল। আবার সরকারের বাইরেও বিভিন্ন প্রভাবশালী শক্তি ছিল, যাদের কট্টরপন্থীদের সঙ্গে সরকারের যোগাযোগ ছিল। ওই কট্টরপন্থীদের দাবি ছিল, অন্তর্বর্তী সরকার যেন আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করে।

source: Asia Post

Back to top button