ভেনিসে হামলার ঘটনায় মামলা করবেন বাঁধন

ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার অভিযোগে স্থানীয় থানায় মামলা করতে যাচ্ছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ঘটনায় জড়িত কয়েকজনকে ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে বাঁধন বলেন, ঘটনার পর থেকে অনেক মানুষ তার খোঁজখবর নিয়েছেন। সবাইকে আশ্বস্ত করে তিনি বলেন, তিনি নিরাপদে আছেন।
বাঁধন বলেন, তাকে ভেঙে ফেলা সহজ নয় এবং স্থানীয় পুলিশ তাঁকে যথেষ্ট সহযোগিতা করেছে। ঘটনার পর ইতালির পুলিশ তাঁকে একটি নিরাপদ স্থানে পৌঁছে দেয় বলেও জানান তিনি।
মামলা করার প্রস্তুতির কথা জানিয়ে বাঁধন বলেন, তার কাছে ঘটনার সব প্রমাণ রয়েছে। পাশাপাশি জড়িত অনেক ব্যক্তিকেও চিহ্নিত করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং দূতাবাসের প্রতিনিধিরা তাঁর কাছে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানান এই অভিনেত্রী।
এর আগে সোমবার রাতে ইতালির মেস্ত্রে শহরের একটি পার্কে ভাই ও তার পরিবারের সঙ্গে অবস্থানকালে বাঁধন হেনস্তার শিকার হন বলে অভিযোগ ওঠে। তাঁর ভাষ্য অনুযায়ী, কয়েকজন ব্যক্তি তাঁর দিকে পানি, কোমল পানীয় ও ডিম ছোড়েন এবং শারীরিকভাবে হেনস্তা করেন। এ সময় তাঁর মোবাইল ফোনও ফেলে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
বাঁধনের অভিযোগ, হামলাকারীরা তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে চাপ দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও একদল ব্যক্তিকে তার সঙ্গে বাগ্বিতণ্ডা ও হেনস্তা করতে দেখা গেছে।
ঘটনার পর স্থানীয় আইনে মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক। বাংলাদেশ কনস্যুলেটও বাঁধনের সঙ্গে যোগাযোগ করেছে বলে জানানো হয়েছে।
source: Rajneete







