News

আশুলিয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যা: ৬ মাস পর প্রধান আসামি গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগে দায়ের করা আলোচিত মামলার প্রধান আসামি মো. বেলাল মিয়াকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (৩০ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-৪-এর মিডিয়া কর্মকর্তা নুরাঙ্গীর নাহিদ।

তিনি জানান, শনিবার (২৯ আগস্ট) কুমিল্লার বুড়িচং থানাধীন গোল্ডেন টাওয়ার এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৪ ও র‌্যাব-১১-এর একটি আভিযানিক দল।

র‍্যাব জানায়, নিহত ১৯ বছর বয়সী ওই নারী আশুলিয়ার একটি পরচুলা (চুল) কারখানায় চাকরি করতেন। প্রায় এক বছর আগে বেলাল মিয়ার সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। বিয়ের পর তারা আশুলিয়ায় ওই কারখানার পাশের একটি ভাড়া বাসায় বসবাস করতেন। ঘটনার সময় তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ কারণে তার দেখাশোনার জন্য মা ও বড় ভাইও ওই বাসায় অবস্থান করছিলেন।

মামলার এজাহার ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব কর্মকর্তা নাহিদ জানান, গত ২৮ ফেব্রুয়ারি সকালে বেলাল চুপিসারে বাসায় প্রবেশ করে শাশুড়ি ও শ্যালকের দুটি স্মার্টফোন চুরি করে পালানোর চেষ্টা করে। এ সময় ঘরের দরজা বন্ধ হওয়ার শব্দে নিহতের ভাইয়ের ঘুম ভেঙে যায়। তিনি ঘর বাইরে থেকে বন্ধ দেখতে পেয়ে বেলালকে চিনতে পারেন এবং ডাকাডাকি শুরু করলে বেলাল পালিয়ে যায়।

পরে পরিবারের সদস্যরা ওই নারীর ঘরের দরজা খুলে মেঝেতে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তার গলায় আঘাতের চিহ্ন এবং দুই হাতের কব্জিতে কাটার ক্ষত ছিল বলে জানায় র‌্যাব। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা মামলা করেন।

ঘটনার পর থেকেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামিকে গ্রেপ্তারে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি বেলালকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার বেলালের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

source: Asia Post

Back to top button