তুরাগে নিখোঁজের ২০ ঘণ্টায়ও দুই শিশুর সন্ধান মেলেনি

গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদে সাঁতার কাটতে গিয়ে ইমন ও রিফাত নামে দুই শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে টঙ্গী পূর্ব থানার রেলব্রিজের নিচে এ ঘটনা ঘটে। নিখোঁজের ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত তাদের সন্ধান মেলেনি।
স্থানীয়রা জানান, পাঁচ শিশু তুরাগ নদে সাঁতার কাটতে নামে। একপর্যায়ে নদের স্রোতে ইমন ও রিফাত ডুবে যেতে থাকে। এ সময় সঙ্গে থাকা অপর তিন শিশু ভয়ে নদ থেকে উঠে আসে। পরে তারা বিষয়টি স্থানীয়দের জানালে নিখোঁজ দুই শিশুর সন্ধানে উদ্ধার অভিযান শুরু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করে। এরপর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালিয়ে যাচ্ছে। নদে স্রোত থাকায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
দুই শিশু নিখোঁজের খবর পেয়ে তাদের স্বজনরা নদের তীরে অপেক্ষা করছেন। তাদের আহাজারিতে ঘটনাস্থলে হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহিন আলম বলেন, আমরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি। শিশু দুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্রোত থাকায় তাদের সন্ধান পেতে সমস্যা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
source: Asia Post







