যশোরে জামায়াতের দুই নেতাকে অব্যাহতি

যশোরের কেশবপুরে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জন্য সরকারের বরাদ্দকৃত সম্মানির তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগে জামায়াতে ইসলামীর দুই স্থানীয় নেতাকে সাংগঠনিক সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রোববার (২৩ আগস্ট) রাতে তাদের অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতি পাওয়া নেতারা হলেন— উপজেলার ৭ নম্বর পাঁজিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামাল এবং ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মুতালেব মোল্লা।
দলীয় সূত্রে জানা যায়, সরকারি সম্মানির তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত পরিচালনা করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সংগঠনের ভাবমূর্তি রক্ষায় উপজেলা জামায়াত এই সিদ্ধান্ত গ্রহণ করে।
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাইদুর রহমান সাঈদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ওই দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং এখন থেকে তারা জামায়াতের কোনো ধরনের সাংগঠনিক কার্যক্রম বা দায়িত্বে সম্পৃক্ত থাকতে পারবেন না।
source: Asia Post






