News

বাংলাদেশকে প্রযুক্তিগত সহযোগিতা দিতে চায় লিথুনিয়া

বাংলাদেশের দ্রুত বিকাশমান তথ্যপ্রযুক্তি খাত, দক্ষ তরুণ জনশক্তি ও ফ্রিল্যান্সারদের সক্ষমতা কাজে লাগিয়ে লিথুয়ানিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো দক্ষিণ এশিয়ার বাজারে কার্যক্রম সম্প্রসারণ করতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

রোববার (১৬ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত লিথুয়ানিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিচিয়েনের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক সম্ভাবনা এবং প্রযুক্তি খাতে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান উপস্থিত ছিলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন বিনিয়োগের জন্য সম্ভাবনাময় একটি গন্তব্য। বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ প্রত্যাহার ও মুনাফা নিজ দেশে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সুবিধা রয়েছে। ফলে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে স্থিতিশীল ও বিনিয়োগবান্ধব পরিবেশ বিদ্যমান।

আরো পড়ুন

তিনি বলেন, বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বাণিজ্যের পরিমাণ এখনো সীমিত। তবে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক বাড়ানোর বড় সুযোগ রয়েছে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা ও আর্থিক প্রযুক্তির মতো খাতে সহযোগিতা বাড়ানো গেলে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হতে পারে।

লিথুয়ানিয়ার রাষ্ট্রদূত ডায়ানা মিকেভিচিয়েন বলেন, লিথুয়ানিয়া উন্নত লেজার প্রযুক্তি, সরকারি প্রযুক্তি ও আর্থিক প্রযুক্তি সেবায় বিশ্বে এগিয়ে থাকা দেশগুলোর একটি। বাংলাদেশের ডিজিটাল রূপান্তর, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি ও সাইবার নিরাপত্তা জোরদারে দেশটি অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে আগ্রহী।

তিনি বলেন, দুই দেশের সরকারি ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে উঠলে প্রযুক্তি, উদ্ভাবন ও বিনিয়োগের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে।

বৈঠকে বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণে দ্রুত পদক্ষেপ নেওয়া, ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বাড়ানো এবং প্রযুক্তিনির্ভর বিভিন্ন খাতে যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

source: Asia Post

আরো দেখুন
Close
Back to top button