News

ইউরোপীয় কমিশনে এআই ব্যবহার করে সাইবার হামলা, তদন্ত চলছে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাহী সংস্থা ইউরোপীয় কমিশনের সদর দপ্তরে সাইবার হামলার ঘটনা ঘটেছে। গত ২২ অক্টোবর হামলাটি শনাক্ত হওয়ার পর থেকে এ নিয়ে তদন্ত চলছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের মুখপাত্র থমাস রেনিয়ে হামলার বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় কমিশনের কয়েকটি ডিজিটাল সেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। বেশির ভাগ সেবা চালু হলেও কিছু ব্যবস্থা এখনো পুরোপুরি সচল হয়নি।

রেনিয়ের বরাত দিয়ে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবরে বলা হয়েছে, এআইয়ের সহায়তায় চালানো হামলাটি শনাক্ত হওয়ার পরপরই তদন্ত শুরু করে কর্তৃপক্ষ। সম্ভাব্য ক্ষতি ঠেকাতে নেওয়া হয় প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থাও।

তবে কারা এ হামলা চালিয়েছে, এর উদ্দেশ্য কী ছিল কিংবা কোন ধরনের এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি রেনিয়ে। ইউরোপীয় কমিশনের কর্মীদের সামগ্রিক তথ্যভান্ডার থেকে তথ্য চুরির কোনো প্রমাণও এখন পর্যন্ত পাওয়া যায়নি।

রেনিয়ে আরও বলেন, হামলার পর কমিশনের কয়েকটি অ্যাপ্লিকেশন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। সেগুলোর বেশির ভাগই আবার চালু হয়েছে। তবে কিছু ডিজিটাল টুল এখনো ব্যবহারকারীদের জন্য পুরোপুরি উন্মুক্ত করা সম্ভব হয়নি।

এদিকে পলিটিকোর এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি অন্তত ১০ দিন ধরে চলেছিল। এতে অনুবাদ, ব্যয় পরিশোধ, কর্মীদের বেতন এবং কর্মঘণ্টার হিসাবসংক্রান্ত ডেটাবেজে বিঘ্ন ঘটে। তবে ইউরোপীয় কমিশন এসব তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

ইউরোপীয় ইউনিয়নের ২৭ সদস্যদেশের কোনো প্রতিষ্ঠানে এআই প্রযুক্তি ব্যবহার করে সাইবার হামলার ঘটনা এই প্রথম প্রকাশ্যে এল বলে জানিয়েছে এপি। এ ঘটনা ইউরোপের গুরুত্বপূর্ণ সরকারি ও প্রশাসনিক অবকাঠামোর ডিজিটাল নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, এআই প্রযুক্তির সাহায্যে সফটওয়্যারের দুর্বলতা শনাক্ত, হামলার পরিকল্পনা এবং সাইবার আক্রমণের গতি ও পরিসর বাড়ানো সম্ভব। ইইউর সাইবার নিরাপত্তা সংস্থা সার্ট-ইইউও সতর্ক করেছে, এআইভিত্তিক দুর্বলতা শনাক্তের প্রযুক্তির অপব্যবহার হলে এ ধরনের হামলা আরও দ্রুত ও ব্যাপক আকার ধারণ করতে পারে।

তবে এ হামলার সঙ্গে কোনো রাষ্ট্র, হ্যাকার গোষ্ঠী কিংবা অপরাধী চক্রের সংশ্লিষ্টতা এখনো নিশ্চিত হয়নি। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হামলার প্রকৃত ব্যাপ্তি ও ক্ষয়ক্ষতি সম্পর্কেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না।

source: Rajneete

Back to top button