গাঁজা বিক্রির টাকা কম দেওয়ায় এক মাদক কারবারিকে পিটিয়ে হত্যা

রাজধানীর তুরাগের মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে এক মাদক কারবারির হাতে আরেক মাদক কারবারি খুন হয়েছে। নিহত ওই যুবকের নাম মো. সজিব (২৭)।
বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে তুরাগের রূপায়ন সিটির ভেতরের শ্রমিক মেসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ওই যুবক হলেন, গাজীপুরের জয়দেবপুর বাশখাটিয়া গ্রামের মৃত নুর জামালের ছেলে সজিব। বর্তমানে তিনি তুরাগের ধরঙ্গেরটেকের হাজী আব্দুলের ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয় সূত্র এশিয়া পোস্টকে জানিয়েছে, রুবেলের মাদক বিক্রি করতো সজিব। মাদক বিক্রির এক হাজার টাকা কম দেওয়ায় রুবেল তার কয়েকজন সহযোগী নিয়ে সজিবকে কাঠের লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি মারধর করে। পরে সজিবকে উত্তরার শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ডিএমপির তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এশিয়া পোস্টকে বলেন, রুবেল তুরাগের একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে তুরাগ থানায় কয়েকটি মাদক মামলা রয়েছে। আর রুবেলের মাদক বিক্রি করতো সজিব।
তিনি বলেন, রুবেল সজিবকে গাঁজা বিক্রি করতে দিয়েছিল। সজিব রুবেলকে গাঁজা বিক্রির এক হাজার টাকা কম দিয়েছিল। যার কারণে লাঠিসোটা দিয়ে আঘাত করে। পরে সজিবকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মোস্তাফিজ আরও বলেন, নিহতের মরদেহ হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসার পর পুলিশ খবর পেয়ে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যায়।
এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকারীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মোস্তাফিজ।
source: Asia Post







