News

চার মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব নিয়োগ

চার মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। তাদের মধ্যে দুজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়ে পদায়ন করা হয়েছে এবং দুজন সচিবকে নতুন করে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হয়েছেন মো. ওবায়দুর রহমান। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত সচিব ছিলেন। এর আগে তিনি শিল্প মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব পালন করেছেন।

এর আগে গত ৩০ জুলাই গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম অবসরে গেছেন। তার স্থলাভিষিক্ত হয়েছেন ওবায়দুর রহমান।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেসমিন নাহার। তাকে সচিব পদে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে বদলি করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে।

অন্যদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিয়াউল হককে সচিব পদে পদোন্নতি দিয়ে একই বিভাগে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

source: Asia Post

Back to top button