News

মেডিহোপ হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ, ৬ লাখ টাকা জরিমানা

রাজধানীর ডেমরায় ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা দেওয়া, পরীক্ষার রিপোর্টে চিকিৎসকের ভুয়া স্বাক্ষর, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে ‘মেডিহোপ জেনারেল হাসপাতালকে’ ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে উপযুক্ত লাইসেন্স না পাওয়া পর্যন্ত হাসপাতালটির সব ধরনের কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১২ আগস্ট) ডেমরার কোনাপাড়া এলাকার সাদ সুপার মার্কেটে অবস্থিত ওই হাসপাতালে দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

ঢাকা উইং এনএসআই (পূর্ব জোন), র‍্যাব-১০ ও স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে দেখা যায়, প্রয়োজনীয় এমবিবিএস সনদ না থাকা সত্ত্বেও এক ব্যক্তি নিয়মিত রোগী দেখছিলেন। পাশাপাশি রোগীদের ল্যাব রিপোর্টে চিকিৎসকদের ভুয়া স্বাক্ষর ব্যবহার করা হচ্ছিল। হাসপাতালটির স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্সের মেয়াদও দীর্ঘদিন ধরে উত্তীর্ণ ছিল। এ ছাড়া অভিযানকালে হাসপাতালটির নিজস্ব ফার্মেসি থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ উদ্ধার করা হয়।

এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত হাসপাতাল কর্তৃপক্ষকে ৪ লাখ টাকা, কথিত ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা এবং ফার্মেসিকে ১ লাখ টাকা জরিমানা করেন।

অভিযান পরিচালনা করেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) ডা. মাহমুদুর রহমানসহ এনএসআই, র‍্যাব ও ওষুধ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

source: Asia Post

Back to top button