হামের বিরুদ্ধে টিকা অকার্যকরের প্রমাণ মেলেনি: আইসিডিডিআর,বি

হামের এমন কোনো জিনগত পরিবর্তনের প্রমাণ পাওয়া যায়নি, যা টিকার সুরক্ষা অকার্যকর প্রমাণ করে বা এ এড়িয়ে যেতে পারে। দেশে চলমান হামের প্রাদুর্ভাবে ভাইরাস থেকে সুরক্ষায় টিকাই সমাধান।
গবেষণা প্রতিষ্ঠান আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) এক প্রাথমিক অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে। একই সঙ্গে নিয়মিত টিকাদানের বয়স হয়নি এমন ৯ মাসের কম বয়সি শিশুরাই এতে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে বলেও সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।
রোববার (২ আগস্ট) আইসিডিডিআর,বি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। প্রাদুর্ভাবের ব্যাপকতা দেখে ভাইরাসের জিনগত পরিবর্তনের মাধ্যমে টিকার কার্যকারিতা কমে গেছে কি না, এমন প্রশ্ন তৈরি হলে এ গবেষণা শুরু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৫ জুলাই পর্যন্ত দেশে ১ লাখ ২২ হাজার ৭৬৩ জন সন্দেহভাজন এবং পরীক্ষাগারে নিশ্চিত ১৫ হাজার ২৭২ জন হাম রোগীর তথ্য পাওয়া গেছে। একই সময়ে হামে সন্দেহভাজন ৭২১ জন এবং নিশ্চিত মৃত্যু হয়েছে ৯৫ জনের।
হাসপাতালে ভর্তি শিশুদের বড় অংশই কম বয়সি
আইসিডিডিআর,বি এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের গবেষকেরা গত ২০ এপ্রিল থেকে ২১ মে পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ১৪ বছরের কম বয়সি ৩৪১ জন সন্দেহভাজন শিশুকে নিয়ে এই অনুসন্ধান চালান। এর মধ্যে ৩২৪ শিশুর হাম নিশ্চিত হয়। সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে তিন থেকে আট মাস বয়সি শিশুদের মাঝে। সন্দেহভাজন ১৪১ জনের মধ্যে ১৩৭ জনেরই হাম শনাক্ত হয়েছে।
গবেষণায় দেখা যায়, টিকার বয়স না হওয়া ৯ মাসের কম শিশুদের মধ্যে আক্রান্তের হার ৯৭ দশমিক ৩ শতাংশ। আবচার টিকার বয়স হলেও টিকা না পাওয়া শিশুর মধ্যে আক্রান্তের হার পাওয়া গেছে প্রতি শতকে ৯৭ জনের।
এতে আরও বলা হয়, এক ডোজ পাওয়া শিশুদের মধ্যে সংক্রমিতের হার ৯২ শতাংশ, আর দুই ডোজ টিকা নেওয়াদের মধ্যে আক্রান্তের হার ৭৬ শতাংশ।
গবেষকেরা জানান, টিকার কোনো সুরক্ষা না থাকা শিশুদের মধ্যে আক্রান্তের হার ৯৭ শতাংশ হলেও দুই ডোজ পাওয়া শিশুদের ক্ষেত্রে তা কমে ৭৬ শতাংশে নেমেছে। এটি টিকা সুরক্ষা দিচ্ছে, এমন ধারণার সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ।
আইসিডিডিআর,বির সংক্রামক রোগ বিভাগের ভাইরোলজি ল্যাবরেটরির সহযোগী বিজ্ঞানী ডা. নূরজাহান মালিহা বলেন, আমাদের অনুসন্ধানে ভাইরাসটি টিকার সুরক্ষা এড়িয়ে যাচ্ছে, এমন কোনো প্রমাণ মেলেনি। তবে দুই ডোজ টিকা পাওয়া কিছু শিশুর আক্রান্ত হওয়ার বিষয়টি নিয়ে আরও বিস্তারিত অনুসন্ধানের প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, ভাইরাসগুলোর জিনগত বিন্যাস বুঝতে ৫৫টি পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্সের ফাইলোজেনেটিক বিশ্লেষণ করা হয়। এতে দেখা গেছে, দেশে ছড়িয়ে পড়া ভাইরাসটি ‘বি৩’ (B3) জিনোটাইপ বা সাবক্লেডের অন্তর্ভুক্ত, যা বিশ্বের অন্যান্য দেশের প্রাদুর্ভাবের সঙ্গে মিল রয়েছে। ভাইরাসের এইচ (H) প্রোটিনে কিছু মিউটেশন বা পরিবর্তন শনাক্ত হলেও প্রচলিত টিকার কার্যকারিতা নষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে জানান গবেষকেরা।
হাম প্রতিরোধ এবং গুরুতর অসুস্থতার ঝুঁকি কমাতে টিকাই সবচেয়ে কার্যকর উপায় বলে জানান আইসিডিডিআর,বির সংক্রামক রোগ বিভাগের জ্যেষ্ঠ পরিচালক ড. মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, টিকাদানের হার বেশি হওয়া সত্ত্বেও প্রাদুর্ভাব কেন এত বড় হলো, তা বোঝা জরুরি।
জন্মগত অ্যান্টিবডির দ্রুত ক্ষয়
বাংলাদেশে নিয়মিত টিকাদান কর্মসূচিতে হাম-রুবেলার প্রথম ডোজ ৯ মাস এবং দ্বিতীয় ডোজ ১৫ মাসে দেওয়া হয়। ৯ মাসের কম বয়সি শিশুরা মূলত মায়ের কাছ থেকে পাওয়া অ্যান্টিবডির ওপর নির্ভরশীল থাকে। তবে ১৬ জন মা ও শিশুর নমুনার ওপর চালানো আগের এক বিশ্লেষণে দেখা গেছে, জন্মের পর প্রথম কয়েক মাসেই মায়ের কাছ থেকে পাওয়া অ্যান্টিবডি দ্রুত কমে যায়। ফলে ৩ থেকে ৮ মাস বয়সে শিশুদের দেহে কোনো সুরক্ষামূলক অ্যান্টিবডি পাওয়া যায়নি।
আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ড. তাহমিদ আহমেদ জানান, টিকা নেওয়া কিছু শিশু কেন আক্রান্ত হচ্ছে, অপুষ্টির প্রভাব এবং মায়েরা কখন অ্যান্টিবডি হারাচ্ছে—এসব বিষয়ে দেশের চারটি প্রধান বিভাগীয় হাসপাতালে ক্লিনিক্যাল কোহর্টসহ আরও বিস্তৃত গবেষণা শুরু হয়েছে।
গবেষকেরা জোর দিয়ে বলেছেন, প্রাদুর্ভাব বা আশঙ্কার কথা ভেবে অভিভাবকদের টিকা দিতে দেরি করা বা এড়িয়ে যাওয়া ঠিক হবে না। শিশুবয়সে সঠিক সময়ে হাম-রুবেলা টিকার সবকটি ডোজ নিশ্চিত করার জন্য আহ্বান জানানো হয়েছে।
source: Asia Post







