স্বাস্থ্যসনদ দেখাতে না পারায় জমিদারি ভোজকে লাখ টাকা জরিমানা

রাজধানীর লালবাগে খাবার তৈরির পরিবেশ অপরিচ্ছন্ন রাখা, লেবেলবিহীন অবস্থায় বিভিন্ন খাদ্যপণ্য সংরক্ষণ এবং প্রয়োজনীয় নিবন্ধন ও স্বাস্থ্যসনদ দেখাতে না পারায় ‘জমিদারি ভোজ’ নামের একটি রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
সোমবার (২ নভেম্বর) রাজধানীর নবাবগঞ্জ রোডের রেস্টুরেন্টটিতে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ আফরোজের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
পরবর্তীতে রাতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা আবুল হাসনাত এ তথ্য জানান।
তিনি জানান, রেস্টুরেন্টটির রান্নাঘরের মেঝে অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। পাশাপাশি কোনো ধরনের লেবেল ছাড়াই বোরহানি, ফিরনি, মাংস ও বিভিন্ন মসলা সংরক্ষণ করা হচ্ছিল। এছাড়া বাধ্যতামূলক ফায়ার লাইসেন্স, রেস্তোরাঁ নিবন্ধন সনদ, প্রিমিসেস লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ এবং পানি পরীক্ষার সনদ প্রদর্শনে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি।
এসব অনিয়মের বিষয়ে দোষ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী রেস্টুরেন্টটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা আদায় করা হয় বলেও জানান হাসনাত।
অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।
source: Asia Post







