News

জবি ছাত্রশক্তির নেতৃত্বে শাহিন মিয়া ও ফেরদৌস শেখ

জাতীয় ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহিন মিয়াকে সভাপতি এবং একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফেরদৌস শেখকে সাধারণ সম্পাদক করা হয়েছে। 

মঙ্গলবার (২৮ জুলাই) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান এই আংশিক কমিটি ঘোষণা করেন।

এছাড়া সিনিয়র সহসভাপতি হিসেবে কামরুল হাসান রিয়াজ, সিনিয়র সহসাধারণ সম্পাদক হিসেবে জিহাদ ইসলাম শাওন এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে শাহিনুর রহমান ও রাকিবুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ বলেন, ‘জাতীয় ছাত্রশক্তি বিশ্বাস করে, শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণই ছাত্ররাজনীতির মূল লক্ষ্য। সেই আদর্শকে ধারণ করেই আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর প্রতিনিধি হিসেবে কাজ করতে চাই।’

তিনি বলেন, ‘আবাসন সংকটের স্থায়ী সমাধান, দ্বিতীয় ক্যাম্পাসের দ্রুত বাস্তবায়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং একটি নিরাপদ, বৈষম্যহীন ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে আমি সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাব। ব্যক্তিগত বা সাংগঠনিক স্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের স্বার্থকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করব।’

জাতীয় ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত সভাপতি শাহিন মিয়া বলেন, ‘প্রথমেই আমাকে সভাপতি নির্বাচিত করায় জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদকে ধন্যবাদ জানাই। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি সুষ্ঠু ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে চাই। বর্তমানে যে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং সহাবস্থানের অসংগতি দেখা যাচ্ছে, তা দূর করে শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে ক্লাস করতে পারে, সে জন্য ক্যাম্পাসে শান্ত, নিরিবিলি ও ইতিবাচক পরিবেশ বজায় রাখতে কাজ করব। এই প্রত্যাশা নিয়েই আমরা নতুনভাবে যাত্রা শুরু করতে চাই।’

তিনি আরও বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের আবাসন সংকটের টেকসই সমাধান, দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের দ্রুত বাস্তবায়ন, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। পাশাপাশি একটি নিরাপদ, বৈষম্যহীন ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তোলাই হবে আমাদের অন্যতম অগ্রাধিকার। ব্যক্তিগত কিংবা সাংগঠনিক স্বার্থের চেয়ে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ ও স্বার্থকে সর্বাগ্রে রেখে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার চেষ্টা করব।’

source: The Daily Campus

Back to top button