News

সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক: হেফাজত নেতা আজিজ

সম্পত্তি হস্তান্তর বিল কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। তিনি বলেন, মুসলিমপ্রধান এ দেশে ইসলামি শরিয়াবিরোধী কোনো আইন গ্রহণযোগ্য হবে না। এই বিল সংশোধন করতে হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

তিনি রাষ্ট্রপতিকে এই বিলে স্বাক্ষর না করার আহবান জানিয়ে বলেন, ‘জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণপূর্বক দান’ নামে বাবা-মায়ের কাছ থেকে সন্তানদের সম্পত্তি হস্তান্তরের নতুন এ পদ্ধতিতে দাতা মৃত্যুর আগ পর্যন্ত ওই সম্পত্তি ব্যবহার ও ভোগ করতে পারবেন। দাতার মৃত্যুর আগে গ্রহীতা মারা গেলে সম্পত্তি তার ওয়ারিশদের কাছে চলে যাবে। নতুন এ আইনটি বাহ্যিকভাবে সুন্দর মনে হলেও এর মাধ্যমে একজন বা কয়েকজন উত্তরাধিকারীকে বিশেষ সুবিধা দেওয়া এবং অন্যদের বঞ্চিত করার সুযোগ তৈরি করে দিয়েছে। এর ফলে শরিয়াহসম্মত সম্পদ বণ্টন নীতি (ফারায়েজের বিধান) লঙ্ঘিত হবে।

তার মতে, আইন মন্ত্রণালয়ের উচিত ছিল বিলটি সংসদে উত্থাপন করার আগে ইসলামি শরিয়া বিশেষজ্ঞদের প্রকাশ্য মতামত গ্রহণ করা। আল্লাহর কিতাব কোরআনের নিজস্ব আইনি কাঠামোকে পাশ কাটিয়ে নিজেদের মতো করে আইন বানানো শরিয়াহকে অবজ্ঞা করার শামিল।

আরো পড়ুন

ইসলামি উত্তরাধিকার আইনে প্রত্যেকের সম্পত্তি কোরআন ও সুন্নাহর মাধ্যমে সুনির্দিষ্টভাবে নির্ধারিত জানিয়ে আজিজুল হক ইসলামাবাদী বলেন, সামাজিক বাস্তবতা, পারিবারিক প্রয়োজন বা অন্য কোনো যুক্তির দোহাই দিয়ে আল্লাহ তাআলার নির্ধারিত মিরাসের বিধানে পরিবর্তন বা সংশোধনের কোনো সুযোগ নেই। ইসলামি উত্তরাধিকারের নির্ধারিত অংশ পাশ কাটানো কিংবা মৃত্যুর পর সম্পত্তির বণ্টন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে এ ধরনের কৌশল অবলম্বন করা সম্পূর্ণ অবৈধ।

তিনি বলেন, সংসদে শরিয়া বিরোধী আইন পাস হচ্ছে, অথচ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা নীরব দর্শকের ভূমিকা পালনে করছেন? ধর্মীয় বিধি-বিধানে হাত দিয়ে ধর্মপ্রাণ মানুষদেরকে বিক্ষুব্ধ করে না তুলতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

ইসলামি আইনের বিষয়ে দেশের আলেমরা কোনো ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দেন আজিজুল হক ইসলামাবাদী।

source: Asia Post

Back to top button