News

ফ্যাসিবাদীদের তথ্য দিলে রাষ্ট্রদ্রোহ মামলা: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশের কেউ কেউ এখনও ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখছে, তাদের নানা ধরনের সংবাদ দিচ্ছে। এমন কার্যক্রমে জড়িত হলে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে সরকার পিছপা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে পদক প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ৯২ জনকে বিপিএম, পিপিএম পদক দেওয়া হয়।

তিনি বলেন, মাঠপর্যায়ে দায়িত্ব পালন না করা, অবহেলা করা এবং ক্ষেত্রমতে ফ্যাসিবাদী শক্তিকে গোপনে সংবাদ দিয়ে বা অন্যভাবে সহযোগিতা করার তথ্য সরকারের কাছে রয়েছে। পুলিশ কর্মকর্তার পদ যাই হোক, জনপ্রত্যাশা অনুধাবন করতে ব্যর্থ হলে তার পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রদ্রোহ মামলা করতেও আমরা পিছপা হব না, যদি ইনডিসিপ্লিন কেউ করে থাকে। আশা করি মেসেজটা পেয়েছেন। আমি তৃণমূল পর্যায় থেকে আইজিপি পর্যন্ত একটাই মেসেজ দিতে চাচ্ছি, সমাজের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে, শৃঙ্খলা রক্ষার জন্য, জনপ্রত্যাশা পূরণের জন্য আমরা কঠোর হতে বাধ্য হব।

তিনি বলেন, যারা এ দেশের মানুষকে হত্যা করেছে, তারা বাইরে থেকে মাঝেমধ্যে হুমকি দেয়। যদি তারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাহলে তাদের কঠোর হস্তে দমনে করা হবে। আর যারা ফ্যাসিবাদী আওয়ামী শক্তির দোসরদের আইনের আওতায় আনতে পারবে, তাদের পুরস্কৃত করার ঘোষণা দেন তিনি।

আগামী সপ্তাহে সাইবার অপরাধ মোকাবিলায় আলাদা সাইবার ইউনিট গঠন করা হবে। একজন অতিরিক্ত আইজিপি তার নেতৃত্বে থাকবেন। দায়িত্ব পালনে পুলিশকে আরও বেশি সাহস, সততা ও নিষ্ঠার পরিচয় দেওয়ার আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।

পুলিশে নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, আমরা প্রয়োজনে ব্যাপক হারে সব ফোর্সের মাধ্যমে অফিসার এবং বিভিন্ন পদবিতে নিয়োগ দেব। এ মেসেজটা আপনারা বুঝে দেখেন। গণতান্ত্রিক ভিত্তির ওপর দাঁড়িয়ে, জনআকাঙ্ক্ষার ওপর দাঁড়িয়ে, ব্যাপক জনপ্রত্যার ওপর দাঁড়িয়ে, দুই-তৃতীয়াংশ মেজরিটির ওপর দাঁড়িয়ে গঠিত সরকারের ভিত্তি অনেক শক্তিশালী বলেও মনে করিয়ে দেন তিনি।

source: Asia Post

Back to top button