উত্তরায় স্বেচ্ছাসেবক লীগের বিক্ষোভ মিছিল, আটক ১

রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় মিছিল থেকে পুলিশ একজনকে আটক করেছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে উত্তরার জসীমউদদীন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাড়কে মিছিলটি শুরু হয়। পরে র্যাব-১ কার্যালয়-সংলগ্ন এলাকায় গিয়ে শেষ হয়।
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর আনিছুর রহমান নাঈমের ব্যানের বিক্ষোভ মিছিলটি করা হয়।
মিছিল চলাকালে বিক্ষোভকারীরা ‘ডাক দিয়েছে নাঈম ভাই, ঘরে থাকার সময় নাই’, ‘ঘরে থাকার সময় নাই, ডাক দিয়েছে নাঈম ভাই’, ‘সেচ্ছাসেবক লীগ, নেতা মোদের শেখ মুজিব’, ‘উত্তর সেবকলীগ’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানা স্লোগান দেন।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের দৌড় দেয়। পরে ধাওয়া দিয়ে মিছিলে অংশ নেওয়া একজনকে আটক করে পুলিশ।
এ প্রসঙ্গে জানতে চাইলে ডিএমপির উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম এশিয়া পোস্টকে বলেন, ‘স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা জড়ো হচ্ছিল। ওই সময় পুলিশ ধাওয়া করে পোস্টার, ব্যানারসহ একজনকে আটক করে।’
বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে মারামারির বিষয়ে জানতে চাইলে ওসি মোরশেদ বলেন, ‘মিছিলকারীদের ধাওয়া দিলে আশপাশের লোকজনও ধাওয়া দেয়। পুলিশ যখন ধাওয়া দেয়, তখন আশপাশের লোকজনও ধাওয়া দেবে, এটাই স্বাভাবিক।’
source: Asia Post







