মামুনুর রশীদের শারীরিক অবস্থার উন্নতি

হাসপাতালে চিকিৎসাধীন বরেণ্য অভিনেতা ও নাট্যনির্দেশক মামুনুর রশীদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। শ্বাসপ্রশ্বাসের জন্য ব্যবহৃত বাইপ্যাপ মাস্ক খুলে দেওয়া হয়েছে। তবে এখনও হাইফ্লো অক্সিজেনের মাধ্যমে ২০ শতাংশ সাপোর্ট নিতে হচ্ছে তাকে। চিকিৎসা-সংশ্লিষ্টদের আশা, আগামী এক-দুই দিনের মধ্যে অক্সিজেনের সহায়তা ছাড়াই স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারবেন এই নাট্যব্যক্তিত্ব।
রোববার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মামুনুর রশীদের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়েছে তার আরণ্যক নাট্যদল।
দলটির পক্ষ থেকে জানানো হয়, আগের তুলনায় তার শারীরিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। বাইপ্যাপ মাস্ক খুলে দেওয়া সম্ভব হয়েছে। রক্তে সংক্রমণের মাত্রাও ধীরে ধীরে কমছে। তবে পুরোপুরি সুস্থ হতে এখনও কিছুটা সময় লাগবে। আগামী এক-দুই দিনের মধ্যে কোনো ধরনের অক্সিজেন সাপোর্ট ছাড়াই স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে নিউমোনিয়ায় আক্রান্ত মামুনুর রশীদের শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছিল আরণ্যক নাট্যদল। তখন তাকে ৫০ থেকে ৬০ শতাংশ অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছিল। চিকিৎসকেরা ধীরে ধীরে অক্সিজেনের মাত্রা কমিয়ে আনার চেষ্টা করছিলেন। নিউমোনিয়ার কারণে তার ফুসফুসের বড় একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় সুস্থ হতে সময় লাগতে পারে বলেও জানানো হয়েছিল।
গত ২৫ নভেম্বর দিনগত রাতে শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। এর আগে টানা চার দিন ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। পারিবারিক সূত্রে জানা যায়, তার শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছিল। মেডিকেল বোর্ডের বৈঠকের পর চিকিৎসকেরা তার অবস্থাকে সংকটাপন্ন হিসেবে উল্লেখ করেন। এরপরই হাসপাতাল পরিবর্তনের সিদ্ধান্ত নেয় পরিবার।
মামুনুর রশীদের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই উদ্বেগ প্রকাশ করছেন তার সহকর্মী, ভক্ত ও সংস্কৃতিকর্মীরা। তার দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া ও শুভকামনা চেয়েছে আরণ্যক নাট্যদল।
এর আগেও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়েছিলেন এই অভিনেতা। গত বছরের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে উড়োজাহাজে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে পরীক্ষা-নিরীক্ষায় তার ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। সে সময় ছয় দিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থানের পর চলতি বছরের ১৪ জানুয়ারি দেশে ফেরেন মামুনুর রশীদ। এরপর আবারও অভিনয়ে ফিরেছিলেন তিনি।
বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে পাঁচ দশকের বেশি সময় ধরে কাজ করছেন মামুনুর রশীদ। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও দেশের সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তার অসুস্থতায় উদ্বিগ্ন সহকর্মী ও সংস্কৃতিকর্মীরা এখন অপেক্ষায় আছেন সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফেরার।
source: Asia Post








