ভোক্তার অভিযানে ৫৮ প্রতিষ্ঠানকে ৫ লাখ ৩১ হাজার টাকা জরিমানা

ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি, নকল ভেজাল প্রতিরোধ এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সারা দেশে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২৯ নভেম্বর) ঢাকাসহ দেশের ২৪টি জেলায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫৮টি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৩১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অধিদপ্তরের ৩৬টি দল একযোগে পাইকারি ও খুচরা বাজার, ফার্মেসি, বেকারি এবং হোটেল-রেস্তোরাঁয় এসব অভিযান পরিচালনা করে।
অভিযানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করা, নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি, ওজন ও পরিমাপে কারচুপি, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল-ভেজাল পণ্যের উৎপাদন ও বিপণন প্রতিরোধে তদারকি করা হয়।
এ ছাড়া ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিকভাবে পণ্য মজুত এবং সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি না করার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করতে সতর্ক করা হয়।
অভিযানে গাজীপুরের চেরাগ আলী বাজারে আয়োডিনবিহীন শিল্পকারখানায় ব্যবহারের লবণ দিয়ে মুড়ি ভাজার অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভীনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
source: Asia Post








