News

স্পিকারের বক্তব্যের প্রতিবাদ জানানো ১৮২ জনের তালিকায় ভারতীয় নাগরিকও

পাকিস্তান সফরে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ জনের দেওয়া বিবৃতিতে বাংলাদেশ ছাড়াও চার দেশের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ভারত, যুক্তরাজ্য, গ্রিস ও জর্জিয়ার নাগরিকদের নাম পাওয়া গেছে।

রোববার (২৯ নভেম্বর) ডিজিটাল ইনভেস্টিগেটিভ মিডিয়া আউটলেট দ্য ডিসেন্টের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

গতকাল শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে ‘স্পিকারের পাকিস্তান সফরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ১৮২ নাগরিকের বিবৃতি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে বিডিনিউজ।

ডিসেন্ট জানিয়েছে, একই বিষয়ে ওই দিন এর আগে আওয়ামী লীগপন্থি প্রোপাগান্ডা ওয়েবসাইট বিডিডাইজেস্টেও খবর প্রকাশিত হয়।

আরো পড়ুন

বিডিনিউজের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান সফরে গিয়ে মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা নিয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের মন্তব্যের নিন্দা জানিয়েছেন বিভিন্ন অঙ্গনের ১৮২ নাগরিক। শনিবার দেওয়া বিবৃতিতে তারা বলেন, ভারতের ভূমিকা নিয়ে স্পিকারের বক্তব্য ‘মুক্তিযুদ্ধের স্বীকৃত ঐতিহাসিক বাস্তবতাকে খণ্ডিত ও প্রশ্নবিদ্ধ করেছে’। এ বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দাও জানান তারা।

বিডিনিউজে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট।
বিডিনিউজে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট।

প্রতিবেদনে বিবৃতিদাতাদের নামের তালিকা প্রকাশ করা হলেও তাদের নাগরিকত্ব বা কোন দেশের নাগরিক, তা আলাদাভাবে উল্লেখ করা হয়নি।

তবে তালিকাটি বিশ্লেষণ করে দ্য ডিসেন্ট জানিয়েছে, এতে বাংলাদেশিদের পাশাপাশি ভারত, যুক্তরাজ্য, গ্রিস ও জর্জিয়ার নাগরিকদের নাম রয়েছে।

তালিকায় অন্তত চারজন ভারতীয় নাগরিকের নাম পাওয়া গেছে জানিয়ে ডিসেন্ট বলছে, তারা দেশটির বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত। তাদের একজন ভারত সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার যুগ্ম মহাপরিচালক ড. মধুলিকা সামন্ত।

অন্যদের মধ্যে রয়েছেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক এবং পশ্চিমবঙ্গের ‘বাংলা পক্ষ’ সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা গার্গা চট্টোপাধ্যায়। এ ছাড়া বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সহকারী অধ্যাপক সৌমিক নন্দী মজুমদার এবং গুজরাটের জিএলএস ইউনিভার্সিটির শিক্ষক ড. দেবাশীষ ঘোরুইয়ের নামও রয়েছে।

যুক্তরাজ্যের যারা বিবৃতিতে স্বাক্ষর করেছেন, তাদের মধ্যে রয়েছেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইমেরিটাস অধ্যাপক ও শিল্পী সুসান কলিন্স এবং একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিল্পী গ্যারি স্টিভেনস। এ ছাড়া লন্ডন স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক ডেভিড লুইসের নামও রয়েছে।

গ্রিসের কবি ক্রিস্টোস কুকিস এবং জর্জিয়ার কবি ও অনুবাদক মানানা মাতিয়াশভিলিও বিবৃতিদাতাদের তালিকায় আছেন।

বিডিনিউজের ওই প্রতিবেদনে তাদের যথাক্রমে ক্রিট ইন্টারন্যাশনাল পোয়েট্রি ফেস্টিভ্যালের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং ককেশাস ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তান সফরের সময় ইসলামাবাদে দেশটির সংসদ পরিদর্শন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘১৯৭১ সালে ভারত বাঙালিদের সাহায্য করেনি, বরং দেশটির লক্ষ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা।’

source: Asia Post

Back to top button