‘জাজিরায় প্রাণহানির ঘটনা অন্তঃকোন্দলে, বর্তমান পরিস্থিতি শান্ত’

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘শরীয়তপুরের জাজিরায় প্রাণহানির ঘটনা অন্তঃকোন্দলের জেরে ঘটেছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।’
রোববার (২৯ নভেম্বর) সচিবালয়ে কক্সবাজারের পর্যটন উন্নয়ন-সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাজিরায় পদ্মা সেতুর নওডোবা এলাকার সংঘর্ষের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ফজরের নামাজের পর ওই এলাকায় একটি ঘটনা ঘটেছে। এক দল লোক পদ্মা সেতুতে এসে ব্যারিকেড সৃষ্টি করতে চেয়েছিল। তাদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ বা সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় দুজনের প্রাণহানির খবর মিলেছে।’
তিনি বলেন, ‘ঘটনাটি নিয়ে এখনো বিস্তারিত তদন্ত করা হয়নি। আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবিসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো যথেষ্ট ধৈর্য ও কৌশলের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে সেখানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
কক্সবাজারের পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আগামী ডিসেম্বরের মধ্যে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের পর্যটনবিষয়ক মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) প্রণয়ন করা হবে। এ লক্ষ্যে পরিবেশ আইনের সংশ্লিষ্ট ধারায় পরিবর্তন আনা হবে।’
তিনি বলেন, ‘সমুদ্রসৈকত থেকে ৩০০ মিটার পর্যন্ত অবকাঠামো নির্মাণে বিদ্যমান নিষেধাজ্ঞা বাতিল করা হবে। তবে সেন্টমার্টিন ও সোনাদিয়া দ্বীপে নতুন কোনো অবকাঠামো নির্মাণের অনুমতি দেওয়া হবে না। এসব এলাকায় বিদ্যমান অবকাঠামো অপসারণেরও আপাতত কোনো পরিকল্পনা সরকারের নেই।’
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই। এ কারণে সেনাবাহিনী মোতায়েনেরও সম্ভাবনা নেই।’
source: Asia Post







