News

অগ্নিসন্ত্রাস করে জুলাইপন্থিদের দমিয়ে রাখা যাবে না: এনডিএফ

অগ্নিসন্ত্রাস, ভয়ভীতি কিংবা সহিংসতা দিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ও ফ্যাসিবাদবিরোধী শক্তিকে দমিয়ে রাখা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতপন্থি চিকিৎসকদের সংগঠন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) নেতারা।

তারা বলেছেন, অগ্নিসন্ত্রাস, ফ্যাসিবাদ নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করলে রাজপথেই তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে চিকিৎসা পেশাকে দলীয়করণ এবং মেধাবী চিকিৎসকদের বঞ্চিত করার অভিযোগ তুলে এর অবসানের আহ্বান জানিয়েছেন চিকিৎসকনেতারা।

Advertisement

শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) এনডিএফের উদ্যোগে আয়োজিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অগ্নিসন্ত্রাস ও নাশকতার প্রতিবাদ সমাবেশে সংগঠনটির নেতারা এসব কথা বলেন।

এর আগে, বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি প্রতিবাদ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বটতলায় এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন

সমাবেশে এনডিএফের ভাইস প্রেসিডেন্ট ডা. আতিয়ার রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে চিকিৎসক সমাজের অবদান ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। আন্দোলনের উত্তাল দিনগুলোতে চিকিৎসকেরা জীবনের ঝুঁকি নিয়ে আহতদের চিকিৎসাসেবা দিয়েছেন। হাসপাতাল, জরুরি বিভাগ ও রাজপথে চিকিৎসকেরা মানবিক দায়িত্ব পালন করেছেন। গুলিবিদ্ধ ও গুরুতর আহত আন্দোলনকারীদের জীবন বাঁচাতে অনেক চিকিৎসক দিনরাত কাজ করেছেন। ভয়ভীতি ও নানা প্রতিকূলতার মধ্যেও তারা আহতদের চিকিৎসা দিতে পিছপা হননি। জুলাইয়ের লড়াইয়ে চিকিৎসকদের এই অবদান কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে চিকিৎসা পেশাকে পুরোপুরি দলীয়করণ করা হয়েছিল। মেধা, যোগ্যতা ও পেশাগত দক্ষতার পরিবর্তে রাজনৈতিক আনুগত্যকে পদায়ন, পদোন্নতি ও সুযোগ-সুবিধা পাওয়ার অন্যতম মাপকাঠিতে পরিণত করা হয়েছিল। এর ফলে বহু মেধাবী, দক্ষ ও যোগ্য চিকিৎসক বঞ্চিত হয়েছেন। যোগ্যতা থাকা সত্ত্বেও তারা যথাযথ মূল্যায়ন পাননি। অন্যদিকে দলীয় পরিচয় ও আনুগত্যের ভিত্তিতে অনেকে গুরুত্বপূর্ণ পদ ও সুযোগ-সুবিধা পেয়েছেন। এভাবে চিকিৎসা পেশার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও মেধাভিত্তিক কাঠামো দুর্বল করে আওয়ামী লীগ চিকিৎসা খাতকে অন্তঃসারশূন্য করে দিয়েছিল।

এই চিকিৎসক নেতা বলেন, চিকিৎসকদের একটি অংশকে দলীয় স্বার্থে ব্যবহার এবং অন্য অংশকে বঞ্চিত ও কোণঠাসা করে রাখার সংস্কৃতি চিকিৎসা পেশার স্বাভাবিক বিকাশকে বাধাগ্রস্ত করেছে। জুলাই গণ-অভ্যুত্থান সেই বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোরও একটি সুযোগ তৈরি করেছে। এখন চিকিৎসা পেশায় মেধা, যোগ্যতা ও পেশাগত মর্যাদা ফিরিয়ে আনতে হবে। চিকিৎসকদের মধ্যে মতপার্থক্য ও অনৈক্য থাকলেও জুলাই সনদ এবং শহীদদের রক্ত তাদের বারবার ঐক্যের কাছাকাছি নিয়ে আসে। ফ্যাসিবাদের বিরুদ্ধে চিকিৎসক সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিস্টদের বিরুদ্ধে তারা সর্বদা জাগ্রত রয়েছেন।

সমাবেশে এনডিএফের জয়েন্ট সেক্রেটারি ডা. রুহুল কুদ্দুস বিপ্লব বলেন, অগ্নিসন্ত্রাস ও সহিংসতা চালিয়ে বিপ্লবীদের মনোবল ভাঙা সম্ভব নয়। ভয় দেখিয়ে কিংবা নাশকতা করে জুলাইয়ের চেতনার পক্ষের মানুষকে রাজপথ থেকে সরানো যাবে না। জুলাইপন্থিরা অতীতেও রাজপথে ছিলেন, ভবিষ্যতেও থাকবেন।

এনডিএফ দক্ষিণ শাখার সভাপতি ডা. মারুফ শাহরিয়ার বলেন, ফ্যাসিবাদ নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। অতীতের দমন-পীড়ন ও অপশাসনের রাজনীতি ফিরিয়ে আনার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে তারা প্রস্তুত। ফ্যাসিবাদের বিষদাঁত ভেঙে দিতে তারা সব সময় প্রস্তুত রয়েছেন।

সমাবেশের আয়োজক ও এনডিএফের বিএমইউ শাখার সভাপতি ডা. ফারুক হোসাইন বলেন, শুধু গোপালগঞ্জে বিশৃঙ্খলা সৃষ্টি করে যারা মনে করছেন, এতে পুরো দেশ অস্থিতিশীল হয়ে পড়বে, তারা বোকার স্বর্গে বাস করছেন। বিচ্ছিন্ন সহিংসতা ও নাশকতার মাধ্যমে দেশের মানুষকে ভীতসন্ত্রস্ত করে তোলা কিংবা জুলাইয়ের অর্জনকে ম্লান করা যাবে না।

তিনি বলেন, এনডিএফ শুধু জুলাই আন্দোলনের সময় থেকেই ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নেয়নি; বরং সংগঠনটির প্রতিষ্ঠালগ্ন থেকেই এ অবস্থান অব্যাহত রেখেছে। জুলাইয়ের রাজপথ থেকে শুরু করে হাসপাতাল পর্যন্ত আহত আন্দোলনকারীদের চিকিৎসাসেবা এবং নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে সংগঠনের নেতাকর্মীরা সর্বোচ্চ সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও যেকোনো সংকটে মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।

ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ডা. ফারুক হোসাইন বলেন, কোনো ধরনের ছাড় দেওয়ার প্রশ্নই আসে না। জুলাইয়ের চেতনা ও শহীদদের আত্মত্যাগের প্রশ্নে তারা আপসহীন থাকবেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন এনডিএফের বিএমইউ শাখার সেক্রেটারি ডা. ফয়েজ উল্লাহ, অর্থ সম্পাদক ডা. আব্দুল্লাহ আল মাহমুদ, অফিস সম্পাদক ডা. সারোয়ার তুহিন, সংগঠনটির মহিলা বিভাগের নেত্রী ও অন্যান্য নেতাকর্মীরা।

source: Asia Post

Back to top button