যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এ ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে চাকরি বা কোনো ধরনের কাজ করার সুযোগ নেই বলে স্পষ্টভাবে জানানো হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দূতাবাসের ওয়েবসাইটে এ সতর্কবার্তা প্রকাশ করা হয়।
বার্তায় বলা হয়েছে, ভ্রমণের আগে ভিসাসংক্রান্ত নিয়মকানুন জেনে নিতে হবে। বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়া এবং চুক্তি নিয়ে আলোচনা করা যাবে। তবে দেশটিতে কাজ করতে হলে উপযুক্ত অন্য ধরনের ভিসার জন্য আবেদন করতে হবে।
এ দিকে আরেক বার্তায় বলা হয়, ভিসা আবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য প্রদান না করলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসার জন্য অযোগ্য হতে পারেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণের স্বার্থে এ নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস।
এর আগে মার্কিন ভিসা পাওয়ার ক্ষেত্রে সাক্ষাৎকার প্রার্থীদের কঠোর সতর্কবার্তা দেয় ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। প্রার্থীকে মিথ্যা তথ্য না দেওয়ার অনুরোধ এবং মিথ্যা তথ্য দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ হতে পারে বলে জানিয়েছে দূতাবাস।
গত ৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিসা-সংক্রান্ত এক সতর্কবার্তায় এ তথ্য জানায় দূতাবাস।
সতর্কবার্তায় ভিসা আবেদনকারীদের উদ্দেশ করে দূতাবাস বলেছে, আবেদনকারীদের অতীতের যেকোনো অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য কনস্যুলার কর্মকর্তাদের জানা থাকে।
সাক্ষাৎকার গ্রহণের সময় কোনো বিষয় গোপন না করে কিংবা বিভ্রান্তিকর তথ্য না দিয়ে শতভাগ সত্য কথা বলা উচিত। সাক্ষাৎকারে অসত্য তথ্য দিলে তার ভিসা আবেদন বাতিল হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে চিরতরে নিষেধাজ্ঞা বা নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে জোর দিয়ে জানিয়েছে দূতাবাস।
source: Asia Post






