News

সাউথইস্ট ব্যাংকের ৭ এজেন্ট ব্যাংকিং আউটলেটের উদ্বোধন

আর্থিক অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিং ধারাকে অব্যাহত রাখতে প্রান্তিক কৃষক, ক্ষুদ্র উদ্যোক্তাসহ সবার অর্থনৈতিক মুক্তি অর্জনে পাশে থাকার প্রত্যয়ে সাউথইস্ট ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং ‘স্বাগতম’ সাতক্ষীরা, যশোর, ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, টাঙ্গাইল ও বগুড়ায় ৭ টি আউটলেটের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেছে।

সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. খালিদ মাহমুদ খান ভার্চুয়ালি সংযুক্ত থেকে একযোগে ৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, শাখা প্রধানগণ এবং ৭টি এজেন্ট আউটলেটের স্বত্বাধিকারীরাও ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে সাউথইস্ট ব্যাংক জানিয়েছে, ‘স্বাগতম’ নামের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে তথ্যপ্রযুক্তিনির্ভর প্রচলিত ব্যাংকিং সেবা নিশ্চিত করা হয়। পাশাপাশি রয়েছে ‘তিজারাহ’ ইসলামিক ব্যাংকিংয়ের আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সেবাও।

এতে আরও বলা হয়, এজেন্ট আউটলেট থেকে সঞ্চয়ী ও চলতি হিসাব খোলা, নগদ অর্থ জমা ও উত্তোলন, অর্থ স্থানান্তর, বিইএফটিএন ও আরটিজিএসের মাধ্যমে যেকোনো ব্যাংকের হিসাবে অর্থ স্থানান্তর এবং বৈদেশিক রেমিট্যান্স সেবা পাওয়া যাবে। পাশাপাশি ডেবিট ও ক্রেডিট কার্ড, চেক বই প্রসেসিং, বিও হিসাব খোলা এবং শেয়ার লেনদেনের সুবিধাও থাকছে। এছাড়া ক্ষুদ্র, মাঝারি ও কৃষি ঋণে জীবন বীমা সুবিধা, ইউটিলিটি বিল ও সরকারি ভাতা প্রদান, ভোক্তা ঋণ, ঋণের কিস্তি গ্রহণ এবং ইন্টারনেট ব্যাংকিং সেবাও পাওয়া যাবে। রিসাইক্লার এটিএমের মাধ্যমে গ্রাহকরা ২৪ ঘণ্টা প্রয়োজনীয় ব্যাংকিং সুবিধা নিতে পারবেন।

source: Asia Post

Back to top button