ট্রাম্পের ক্ষমাপর পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ

মাদক ও অস্ত্র পাচারের মামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমা পাওয়ার আট মাস পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ।
রোববার (২৬ জুলাই) একটি ব্যক্তিগত বিমানে পালমেরোলা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ৫৭ বছর বয়সি এই নেতা। বিমানবন্দরে পরিবার ও শত শত সমর্থক তাকে অভ্যর্থনা জানান।
২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত দুই মেয়াদে হন্ডুরাসের প্রেসিডেন্টের দায়িত্বে ছিলেন হার্নান্দেজ। ২০২২ সালের এপ্রিলে তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয় এবং ২০২৪ সালে মার্কিন আদালত তাকে ৪৫ বছরের কারাদণ্ড দেন। তবে শুরু থেকেই তিনি অভিযোগ অস্বীকার করে আসছিলেন। পরবর্তীতে ট্রাম্প তাকে ক্ষমা করেন।
উল্লেখ্য, দেশে ফিরলেও রেহাই মিলছে না আইনি লড়াই থেকে। ‘প্যান্ডোরা টু’ নামের এক দুর্নীতি মামলায় প্রতারণা ও অর্থ পাচারের অভিযোগে আগামী ৩ আগস্ট তাকে হন্ডুরাসের আদালতে হাজির হতে হবে। তবে জুনে তার গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত করায় দেশে ফেরার পর তাকে আটক করা হয়নি।
দেশে ফিরে হার্নান্দেজ বলেন, তিনি আদালতের মাধ্যমে সব অভিযোগ খারিজের চেষ্টা করবেন। পাশাপাশি এখনই সরাসরি রাজনীতিতে না ফিরলেও অভিজ্ঞতা দিয়ে নিজের দলকে সহায়তা করার কথা জানান।
সূত্র: রয়টার্স
source: Rajneete







