News

‘ডিএনসিসির টেন্ডারনামা’ প্রকাশের পর এশিয়া পোস্টে সাইবার হামলা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ঠিকাদারি কাজের অনিয়ম, দুর্নীতি এবং দরপত্রের সিন্ডিকেট নিয়ে ‘ডিএনসিসির টেন্ডারনামা’ শিরোনামে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছে এশিয়া পোস্ট। এ ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব প্রকাশের পর থেকে এশিয়া পোস্ট ফেসবুকে পেজে সাইবার হামলা চালানো হচ্ছে। এ কাজে ‘FX TUHIN’ নামের একটি পেজের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। এ পেজের অ্যাডমিন লিস্ট ও তাদের শনাক্তের কাজ চলমান রয়েছে। এ ছাড়াও বেশ কয়েকটি আইডি ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেলে বিষয়টি এশিয়া পোস্টের তথ্যপ্রযুক্তি (আইটি) বিভাগের নজরে আসে। আইটি টিম সক্রিয় থাকায় বিভিন্নভাবে চেষ্টা করেও কিছু করতে পারেনি দুষ্কৃতিকারীরা। এখন পর্যন্ত ওয়েব পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমের সব প্ল্যাটফর্মে প্রকাশিত সংবাদ ও ভিডিও কনটেন্ট সক্রিয় রয়েছে।

এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় এশিয়া পোস্টের হেড অব নিউজ শাকিল ফারুক বলেন, ‘অনুসন্ধানী সংবাদ প্রকাশের পরে সাইবার হামলা স্বাধীন গণমাধ্যমের মতপ্রকাশের জন্য হুমকিস্বরূপ। এসব করে আমাদের কাজ থামিয়ে রাখা যাবে না। অনিয়ম-দুর্নীতির তথ্য প্রচার করবই।’

তিনি আরও বলেন, ‘সাইবার হামলার বিষয়ে আমাদের আইটি টিম সক্রিয় আছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

এর আগে, গত ২১ অক্টোবর থেকে ‘ডিএনসিসির টেন্ডারনামা’ শিরোনামে ৪ পর্বের অনুসন্ধানী ধারাবাহিক প্রকাশ করছে এশিয়া পোস্ট। এরই মধ্যে ২১ অক্টোবর প্রথম, ২২ অক্টোবর দ্বিতীয় ও সবশেষ সোমবার তৃতীয় পর্ব প্রকাশিত হয়। প্রতিবেদনগুলোতে ডিএনসিসির ঠিকাদারি কাজ বণ্টন ও বিল পরিশোধ নিয়ে বিভিন্ন অভিযোগ ও অনিয়মের তথ্য তুলে ধরা হয়েছে।

প্রকাশিত ৩টি প্রতিবেদনের শিরোনামগুলো হলো, ‘তুলির ভাইসহ সাত গুমে অভিযুক্ত কর্মকর্তাকে ৩ কোটি টাকার ঠিকাদারি কাজ দিল ডিএনসিসি’, ‘প্রধানমন্ত্রীর আগ্রহের প্রকল্পে ২৮ ঠিকাদারি কাজ আ.লীগ নেতাদের দিলেন ডিএনসিসি প্রশাসক’ এবং ‘কাজ শেষ হওয়ার আগেই আকরাম খানের প্রতিষ্ঠানকে ১০ কোটির বিল ডিএনসিসির’।

source: Asia Post

Back to top button