News

দিল্লির আদালতের নির্দেশ, ‘মুচলেকা’ সই করে মুক্ত সিজেপির অভিজিৎ

দিল্লির আদালতের নির্দেশে শর্তসাপেক্ষে মুক্তি পেয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা ও নেতা অভিজিৎ দীপক। শনিবার ৫০ হাজার রুপির বন্ড জমা দেওয়া এবং শান্তি বিঘ্নিত না করার মুচলেকায় সই করার পর তাকে মুক্তি দেওয়া হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, এক হাকিম আদালত অভিজিৎকে এসব শর্তে মুক্তির নির্দেশ দেন। শুনানি শেষ হওয়ার কিছুক্ষণ পর তিনি দিল্লির মন্দির মার্গ থানার হেফাজত থেকে বেরিয়ে আসেন।

নির্বাচনে কারচুপির অভিযোগ এবং ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যে শুক্রবার তাকে আটক করা হয়েছিল। ওই দিন নয়াদিল্লির কনট প্লেসে পূর্বঘোষিত ‘লহরা দো তেরঙা’ পদযাত্রায় অংশ নেওয়ার পরিকল্পনা করছিলেন তিনি। পরে শনিবার সকালে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আইনের আওতায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

মুক্তির পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া প্রথম প্রতিক্রিয়ায় একটি হিন্দি চলচ্চিত্রের দৃশ্য শেয়ার করেন অভিজিৎ। ওই দৃশ্যে অভিনেতা শাহরুখ খানকে ২২ বছর পাকিস্তানের কারাগারে বন্দি থাকার পর মুক্তি পেয়ে কাঁদতে দেখা যায়। ছবিটির ক্যাপশনে অভিজিৎ লেখেন, “২৪ ঘণ্টা ওয়াইফাই ও ফোন ছাড়া কারাগারে থাকার পর বেরিয়ে আসার অনুভূতিটা ঠিক যেমন!”

একই প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকেও শনিবার সকালে ছেড়ে দেওয়া হয়। দিল্লি পুলিশের ভাষ্য অনুযায়ী, কনট প্লেসে ‘লহরা দো তেরঙা’ প্রতিবাদ মিছিল শুরুর আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নেহা ও অভিজিৎকে হেফাজতে নেওয়া হয়েছিল। পরে নেহাকে ছেড়ে দেওয়া হলেও অভিজিৎকে বিশেষ নির্বাহী হাকিমের সামনে হাজির করা হয়।

এদিকে, সিজেপির নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস গত সপ্তাহ থেকে বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। দিল্লির যন্তর মন্তরকে প্রতিবাদস্থল হিসেবে ব্যবহারের অনুমতি বাতিলের পর সেখানে অনধিকার প্রবেশের অভিযোগে তাদের আটক করা হয়েছিল।

ভোটার তালিকায় অনিয়ম এবং নির্বাচন কমিশনের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (এসআইআর) কর্মসূচির প্রতিবাদে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়ে আন্দোলন করছে সিজেপি। দলটির পাশাপাশি বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল, শিক্ষার্থী সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরাও ভারতের বিভিন্ন স্থানে এ নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন।

source: Rajneete

আরো দেখুন
Close
Back to top button