বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও ফ্যাক্ট চেকিংয়ে দক্ষতা বাড়াতে এমআরইউ মিডিয়া ডে

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, ফ্যাক্ট চেকিং ও মাল্টিমিডিয়া সাংবাদিকতায় দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে রাজধানীতে এমআরইউ মিডিয়া ডে-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি এসএম শাহরিয়ার নাইম। প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালাম।
দিনব্যাপী আয়োজনে সাংবাদিকতার নৈতিকতা, ফ্যাক্ট চেকিং ও অনলাইন সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ দেন বিভিন্ন গণমাধ্যমের অভিজ্ঞ সাংবাদিকেরা। পাশাপাশি ইনসাফ বারাকাহ হসপিটালের সহযোগিতায় সাংবাদিকদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, ‘দ্রুত সংবাদ পরিবেশনের পাশাপাশি তথ্যের সত্যতা যাচাই, নিরপেক্ষতা ও পেশাগত নৈতিকতা বজায় রাখা জরুরি। সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সাংবাদিকদের পেশাগত ঝুঁকির বিষয় তুলে ধরে তিনি বলেন, ‘২০২৪ সালের আন্দোলনে অনেক সাংবাদিক কারাবরণ করেছেন, গুলিবিদ্ধ হয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন। মাঠপর্যায়ে কাজ করা মাল্টিমিডিয়া সাংবাদিকদের ঝুঁকি আরও বেশি, কারণ তাদের সরাসরি ঘটনাস্থলে গিয়ে সংবাদ সংগ্রহের পাশাপাশি ফোনে ভিডিও ও ছবি ধারণ করতে হয়।’
এসময় সাংবাদিকদের আরও সচেতন, নির্ভুল ও দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
source: Asia Post






