News

৮ যুদ্ধ থামিয়েও নোবেল পাইনি— ফের আক্ষেপ ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও আক্ষেপ করে বলেছেন, আটটি যুদ্ধ থামানোর পরও তিনি নোবেল শান্তি পুরস্কার পাননি। এসব যুদ্ধের মধ্যে ভারত ও পাকিস্তানের সংঘাতও রয়েছে বলে দাবি করেছেন তিনি। তার ভাষ্য, দুই দেশের ওপর সর্বোচ্চ ২৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়ে সংঘাতের বিস্তার ঠেকিয়েছিলেন তিনি।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে স্থানীয় সময় শুক্রবার (২৩ অক্টোবর) ফ্লোরিডায় এক নির্বাচনি সমাবেশে বক্তব্য দেন ট্রাম্প। রয়টার্সের ভিডিও সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, সেখানে তিনি আবারও ভারত-পাকিস্তানসহ আটটি যুদ্ধ বন্ধে নিজের ভূমিকার কথা তুলে ধরেন।

ট্রাম্প বলেন, ‘আপনি ভারত ও পাকিস্তানকে থামিয়েছেন। দুটি পারমাণবিক শক্তিধর দেশ— আপনি তাদের থামিয়েছেন। এ ক্ষেত্রে আমি বাণিজ্যকে কাজে লাগিয়েছি। আমি বলেছিলাম, তোমরা যদি এমনটা করো, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করতে পারবে না এবং প্রচুর অর্থ উপার্জনের সুযোগও থাকবে না। তোমাদের দুজনের ওপরই ২৫০ শতাংশের বিশাল শুল্ক আরোপ করব, যাতে তোমরা কোনো ব্যবসাই করতে না পারো।’

তিনি আরও বলেন, ‘তারা খুব বিরক্ত হয়েছিল, খুব রেগে গিয়েছিল। এরপর তারা গুলি চালানো বন্ধ করে এবং যুদ্ধ শেষ হয়ে যায়।’ নিজের কথিত কূটনৈতিক সাফল্যের জন্য নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি কি নোবেল পুরস্কার পেয়েছি? না।’

২০২৫ সালের ২২ এপ্রিল ভারত-শাসিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে ৭ মে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ‘অপারেশন সিঁদুর’ নামে সামরিক অভিযান শুরু করে ভারত। ১০ মে পর্যন্ত চলা এই অভিযানে ‘সন্ত্রাসী অবকাঠামো ও প্রশিক্ষণশিবির’ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করে ভারত।

জবাবে পাকিস্তানও পালটা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরে দুই দেশের মধ্যে সামরিক কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত কার্যকর হয়। তবে সংঘাত থামাতে নিজের ভূমিকার কথা ট্রাম্প বারবার দাবি করলেও এ ক্ষেত্রে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপের কথা অস্বীকার করে আসছে ভারত।

নয়াদিল্লির দাবি, ‘অপারেশন সিঁদুরের’ পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল পাকিস্তানের সামরিক বাহিনীর ডিরেক্টর জেনারেল অব মিলিটারি অপারেশনসের (ডিজিএমও) অনুরোধে। পাকিস্তানের ডিজিএমও তার ভারতীয় সমকক্ষের সঙ্গে যোগাযোগ করে সামরিক কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছিলেন।

source: Rajneete

Back to top button