News

ইকুয়েডরে কারাগারে দাঙ্গায় ৮ জন নিহত

দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের দুটি কারাগারে দাঙ্গার ঘটনায় আটজন বন্দি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সংঘটিত এ ঘটনার তথ্য জানিয়েছে দেশটির কারা কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, কোটোপাক্সি কারাগারে চারজন বন্দি নিহত হয়েছেন। একই দিনে পিচিনচা কারাগারেও দাঙ্গায় আরও চারজনের মৃত্যু হয়েছে।

ইকুয়েডরের কারাগারগুলোতে দীর্ঘদিন ধরে সহিংসতা ও অপরাধী চক্রের তৎপরতা বড় ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে রয়েছে। ২০২১ সাল থেকে দেশটির বিভিন্ন কারাগারে ৫০০ জনের বেশি বন্দি নিহত হয়েছেন।

কারাগারের কয়েকটিতে সামরিক বাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করলেও ভেতরে সক্রিয় মাদক পাচারকারী চক্রগুলোর প্রভাব পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। এসব চক্র কারাগারের ভেতর থেকেই হত্যাকাণ্ড ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের নির্দেশ দিয়ে থাকে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কারা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, সর্বশেষ দাঙ্গার জন্য দায়ীদের শনাক্ত করা হয়েছে। তাদের দেশটির সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থাসম্পন্ন ‘এল এনকুয়েন্ত্রো’ কারাগারে স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ইকুয়েডরের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার সরকার সবচেয়ে বিপজ্জনক ও বহুল কাঙ্ক্ষিত অপরাধীদের আটক রাখার উদ্দেশ্যে এই বিশেষ নিরাপত্তার কারাগারটি নির্মাণ করেছে।

কারাগারগুলোতে সহিংসতা নিয়ন্ত্রণ এবং অপরাধী চক্রের প্রভাব কমাতে সরকারের নানা পদক্ষেপের মধ্যেই সর্বশেষ এ দাঙ্গার ঘটনা ঘটল।

source: Asia Post

Back to top button