দেশজুড়ে ভোক্তা অধিকারের অভিযান, ৬৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি তদারকিতে দেশব্যাপী অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১৮ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের ২৪টি জেলায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৬৩টি প্রতিষ্ঠানকে মোট ৭ লাখ ৩০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, অধিদপ্তরের ৩৩টি দল একযোগে পাইকারি ও খুচরা বাজার, হোটেল-রেস্তোরাঁ এবং গ্যাস সিলিন্ডার বিক্রয়কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি কার্যক্রম পরিচালনা করে।
অভিযানে গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে কি না, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, মূল্যতালিকা প্রদর্শন এবং পণ্যের ওজন ও পরিমাপ যাচাই করা হয়। এ ছাড়া ধার্য করা মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি এবং নকল ও ভেজাল পণ্যের উৎপাদন ও বিক্রির বিষয়েও তদারকি করা হয়। হোটেল-রেস্তোরাঁয় নিয়মকানুন অনুসরণ করা হচ্ছে কি না, তা-ও দেখা হয়।
তদারকির সময় ব্যবসায়ীদের দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন, নির্ধারিত দামের বেশি না নেওয়া এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি থেকে বিরত থাকতে এবং পণ্য কেনাবেচার রসিদ বা ভাউচার সংরক্ষণ ও সরবরাহ করতে বলা হয়।
পণ্য কেনার ক্ষেত্রে অনিয়ম বা প্রতারণার শিকার হলে অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে বলা হয়েছে। বাজারে শৃঙ্খলা, ন্যায্যমূল্য এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাদ্য নিশ্চিত করতে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
source: Asia Post







