কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত কয়েক ডজন

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুনে অন্তত চার সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক ডজন।
বারস্থানীয় সময় শনিবার (১৭ অক্টোবর) বিকেলে আগুনের সূত্রপাতের পর তা প্রবল বাতাসে দ্রুত ছড়িয়ে পড়ে। রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী মার্ক কার্নি হতাহতের বিষয়টি নিশ্চিত করে ঘটনাটিকে শান্তিকালীন সময়ে কানাডার সামরিক বাহিনীর জন্য অন্যতম ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে বর্ণনা করেছেন।
ঘটনাটি ঘটেছে কানাডার আলবার্টা প্রদেশের ওয়েইনরাইটে অবস্থিত কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েইনরাইটে (সিএফবি ওয়েইনরাইট)। কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় শনিবার বিকেল ৪টার দিকে ঘাঁটির প্রশিক্ষণ এলাকায় আগুন লাগে। প্রবল বাতাসের কারণে অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ঘাঁটির সীমানার বাইরেও।
কার্নি রোববার জানান, নিহত ও আহত সেনাসদস্যরা আগুন লাগার সময় সামরিক প্রশিক্ষণে অংশ নিচ্ছিলেন। নিহতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।
প্রাথমিকভাবে কানাডার প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ম্যাকগিন্টি হতাহতের সংখ্যা প্রকাশ না করলেও ঘটনাটিকে গুরুতর ও মর্মান্তিক বলে উল্লেখ করেছিলেন। পরে প্রধানমন্ত্রীর বক্তব্যে চারজন নিহতের তথ্য নিশ্চিত হয়। তবে কানাডার সংবাদমাধ্যম গ্লোবাল নিউজ একাধিক সামরিক সূত্রের বরাতে অন্তত সাতজন নিহত হওয়ার খবর দিয়েছে।
হাসপাতালে জরুরি পরিস্থিতি, তদন্ত শুরু
অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের চিকিৎসা দিতে আলবার্টার বিভিন্ন হাসপাতালকে জরুরি ব্যবস্থা নিতে হয়েছে। আহতদের ওয়েইনরাইট, এডমন্টন, রেড ডিয়ার ও ক্যালগারির হাসপাতালে নেওয়া হয়। রোগীর চাপ সামাল দিতে প্রদেশের একাধিক হাসপাতালে ‘কোড অরেঞ্জ’ জারি করা হয়। ব্যাপক হতাহতের ঘটনায় জরুরি চিকিৎসাসেবা ও অ্যাম্বুলেন্স ব্যবস্থাপনায় অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়।
কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। কানাডার সামরিক বাহিনী ও রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি) যৌথভাবে ঘটনার তদন্ত করছে। সামরিক বাহিনী জানিয়েছে, এখন পর্যন্ত এ ঘটনাকে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে।
ঘাঁটির বাইরে আগুন ছড়িয়ে পড়ায় আশপাশের এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়। তবে স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, তাৎক্ষণিকভাবে কোনো উচ্ছেদ নির্দেশ জারি করা হয়নি। পরে আগুন নিয়ন্ত্রণে আসার খবর জানানো হলেও পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়।
প্রায় ২১০ কিলোমিটার পূর্বে এডমন্টন শহর থেকে অবস্থিত ওয়েইনরাইট ঘাঁটি কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণকেন্দ্র। সেখানে সেনাদের যুদ্ধের প্রস্তুতি ও বিভিন্ন সামরিক মহড়ার প্রশিক্ষণ দেওয়া হয়।
কানাডার প্রতিরক্ষামন্ত্রী ম্যাকগিন্টি বলেছেন, সাম্প্রতিক সময়ে এমন ভয়াবহ ঘটনার কথা তার মনে পড়ে না। প্রধানমন্ত্রী কার্নি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং দেশটির সরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা দিয়েছেন।
source: Rajneete







