News

বিরোধিতা হবে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক, সম্পাদকদের সঙ্গে বৈঠকে জামায়াত

বিরোধী দল হিসেবে বাংলাদেশ জামায়াতের ইসলামীর ভূমিকা নিয়ে সংবাদপত্রের সম্পাদকদের কাছে নিজেদের অবস্থান তুলে ধরেছে দলটি। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, রাজনৈতিক বিরোধিতা হবে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক। আন্দোলন করলেও দেশ যেন অস্থিতিশীল না হয় জামায়াতে ইসলামীকে সেই পরামর্শ দিয়েছেন সম্পাদকরা।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে এক মতবিনিময় সভা শেষে এ কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রাজধানীর মিন্টো রোডে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে তার সরকারি বাসভবনে সম্পাদকদের এই মতবিনিময় হয়। সরকারের ছয়মাস অতিবাহিত হওয়ার পর এটি সম্পাদকদের সঙ্গে বিরোধী দলীয় নেতার প্রথম মতবিনিময়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতের বিরোধিতা হবে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক। বৈঠকে দেশের বিরাজমান পরিস্থিতি, ভূরাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় হয়েছে। এ মতবিনিময় সভায় জামায়াতের পলিসি বা নীতি তুলে ধরা হয়েছে। রাজপথে বিরোধীদল আন্দোলন করলেও দেশ যেন অস্থিতিশীল না হয় সেই পরামর্শ দিয়েছেন সম্পাদকরা।

তিনি বলেন, মতবিনিময় সভায় আমিরে জামায়াত দেশের বর্তমান পরিস্থিতিতে সংসদে জামায়াতে ইসলামী ও ১১ দল যে ভূমিকা পালন করছে তা তুলে ধরেছেন। জাতীয় সমস্যা, জনদুর্ভোগ, বিশেষ করে জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে, তার সমাধানে জামায়াতের ভূমিকা তুলে ধরেন। সংসদে ও সংসদের বাইরে জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে গঠনমূলক ভূমিকা পালন করে আসছে বলে তিনি উল্লেখ করেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, অতীতে প্রচলিত ও প্রথাগত বিরোধীদলের যে খারাপ অনুশীলন ছিল; সেই প্রথা ভেঙে দিয়ে দেশের সামগ্রিক স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সরকারের ভালো কাজে সহযোগিতা এবং সব অন্যায় ও গণবিরোধী কাজের প্রতিরোধ করতে জামায়াত যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, তা সম্পাদকদের সামনে তুলে ধরেছেন আমীরে জামায়াত। জামায়াতের এই পলিসির প্রশংসা করেছেন সম্পাদকমন্ডলী।

তিনি বলেন, বর্তমান সরকারি দল জাতীয় সংসদে বিরোধীদলের এমপিদের সাথে বৈষম্য করছে। তারা উন্নয়নমূলক কাজে, বরাদ্দে এমনকি সংসদে কথা বলার ক্ষেত্রে, আইন প্রণয়ন করার ক্ষেত্রে, নানা নোটিশ গ্রহণের ক্ষেত্রে বৈষম্য করছে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াত বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট, গণভোটের গণরায় কার্যকর করার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার ও প্রবাসীদের অধিকার রক্ষায় ভূমিকা পালন করছে। কিন্তু তারপরও স্পিকারের পক্ষ থেকে আমরা ইনসাফপূর্ণ আচরণ পাইনি। বরং বৈষম্যের শিকার হয়েছি। এগুলো আমীর জামায়াত তুলে ধরেছেন।

তিনি বলেন, সম্পাদকদের লেখনির মাধ্যমে সত্য তুলে ধরার আহ্বান জানিয়ে আমীরে জামায়াত বলেছেন, গণতন্ত্রের উত্তরণে আপনারা দায়িত্বশীলতার সঙ্গে সহযোগিতা করবেন। সংসদের অতীতের বিরোধীদলগুলোর তুলনায় জামায়াত ব্যতিক্রম বলে অভিমত প্রকাশ করেছেন সম্পাদকরা। জামায়াত সংসদকে গঠনমূলক পন্থায় কার্যকর রাখতে চায়। এজন্য সরকারকেও দায়িত্বশীল হতে হবে। শুধু বিরোধীদল এটি করতে পারবে না।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান, দ্যা ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদক তাসমিমা হোসেন, দৈনিক যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান, দৈনিক মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক প্রথম আলো পত্রিকার নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, দৈনিক বণিক বার্তা পত্রিকার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, ডেইলি ওয়াদা পত্রিকার সম্পাদক শফিকুল আলম, দৈনিক ইনকিলাব পত্রিকার সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক মারুফ কামাল খান, দৈনিক মানবকণ্ঠ পত্রিকার সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, দৈনিক কালবেলা পত্রিকার সম্পাদক সন্তোষ শর্মা, দৈনিক এদিন পত্রিকার সম্পাদক মো. সাইদুল ইসলাম সাজু, দৈনিক খবরের কাগজ পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল, দৈনিক ভোরের ডাক পত্রিকার সম্পাদক কে, এম, বেলায়েত হোসেন, আজকের পত্রিকার সম্পাদক কামরুল হাসান, দৈনিক দেশ রূপান্তরের নির্বাহী সম্পাদক সাহিদুল ইসলাম চৌধুরী, বাণিজ্য প্রতিদিন পত্রিকার সম্পাদক গিয়াস উদ্দিন, দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মোজাম্মেল হক, দৈনিক জনতা পত্রিকার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন, আগামীর সময় পত্রিকার সম্পাদক মোস্তফা মামুন, শীর্ষ কাগজ এর সম্পাদক জনাব একরামুল হক, দ্যা নিউ নেশন পত্রিকার সম্পাদক মো. মোকাররম হোসেন, গ্রিন ওয়াচ পত্রিকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, দ্যা ইভিনিং নিউজ পত্রিকার সম্পাদক এ বি এম সেলিম আহমেদ, ডেইলি সান পত্রিকার উপসম্পাদক আল আমিন, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার যুগ্ম সম্পাদক সাজ্জাদুর রহমান, দৈনিক সংগ্রামের বার্তা সম্পাদক জনাব শামসুল আরেফীন, সাপ্তাহিক সোনার বাংলার বার্তা সম্পাদক ফেরদৌস আহমদ ভূইয়া প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলনা রফিকুল ইসলাম খান এমপি, ড. এএইচএম হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব সাইফুল আলম খান মিলন এমপি, জনাব আব্দুর রব, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল এমপি, উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন, দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি, উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জনাব মুহাম্মাদ জাহিদুর রহমান ও জনাব দেলাওয়ার হোসেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপি ও জনাব আতাউর রহমান সরকার প্রমুখ।

source: Asia Post

Back to top button