News

দিল্লিতে আন্দোলন বাংলাদেশের ‘ইশারা’য়— দাবি পশ্চিমবঙ্গের মন্ত্রীর

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া প্রত্যাহারের দাবিতে দিল্লিসহ দেশটির বিভিন্ন শহরে চলমান আন্দোলনের পেছনে ‘বাংলাদেশের ইশারা’ রয়েছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়ায় একটি দুর্গাপূজার উদ্বোধন করতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম ইটিভি ভারত এ খবর জানিয়েছে।

পূজার উদ্বোধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে উদ্যোক্তাদের চাঁদার জুলুম ও তোলাবাজি নিয়ে সতর্ক করেন দিলীপ। পরে দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আন্দোলনের নেপথ্যে কারা রয়েছেন, তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। বাংলাদেশের কয়েকজন মন্ত্রীর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট দেখলেও বিষয়টি বোঝা যায়।’

দিলীপ ঘোষ আরও বলেন, ‘বিরোধীদের হাতে এখন কোনো কাজ নেই। তাই পূজা উপলক্ষে তারা ঘোরাফেরা করছেন, আর শীত আসায় ধর্নায় বসছেন। তিনি বলেন, “পিছনে কী উদ্দেশ্য আছে, তা বাংলাদেশের মন্ত্রীদের ফেসবুক পোস্ট দেখলে বুঝতে পারবেন।’

তার দাবি, বিদেশ থেকে যারা ভারতে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন, তাদের ইশারাতেই এসব কর্মকাণ্ড চলছে। কলকাতায় সিজেপির আন্দোলন প্রসঙ্গে দিলীপ বলেন, ‘যেসব রাজনৈতিক দল দুর্বল হয়ে পড়ছে, তাদের সামনে এখন আর কোনো মঞ্চ নেই। তাই তারা আরশোলাদের ডানা ধরে ঝুলে থাকার চেষ্টা করছে।’

source: Rajneete

Back to top button