News

ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতির ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫, আহত ১৬

ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের আসন আল-মাশিক প্রাসাদে পাঁচটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইয়েমেনের তথ্যমন্ত্রী মোয়াম্মার আল-এরিয়ানি বিবিসিকে জানান, হামলার সময় প্রধানমন্ত্রী শায়া জিন্দানি এবং মন্ত্রিসভার অন্য সদস্যরা অক্ষত রয়েছেন।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারেয়া হামলার দায় স্বীকার করে বলেন, এডেনে ‘সৌদি শত্রুর সামরিক অভিযান পরিচালনার সদর দপ্তর’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি জোট সমর্থন দিচ্ছে। ইরান-সমর্থিত হুতিদের বিরুদ্ধে দেশটির সরকারি বাহিনীর চলমান অভিযানে জোটটি বিমান সহায়তাও দিচ্ছে।

ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী কাসিম বুহাইবেহ জানান, হামলায় নিহতদের মধ্যে প্রাসাদের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্য এবং বেসামরিক কর্মচারীরাও রয়েছেন।

এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইয়েমেনের প্রধানমন্ত্রী শায়া জিন্দানি। তিনি হামলাটিকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে বলেন, এটি হুতিদের অপরাধমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা।

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার তার দায়িত্ব পালন অব্যাহত রাখবে। হুতিদের বিরুদ্ধে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লোহিত সাগর উপকূলসহ অন্যান্য রণাঙ্গনে অভিযান চালিয়ে যাওয়ার ক্ষেত্রে এ হামলা সরকারি বাহিনীর মনোবল দুর্বল করতে পারবে না।

এর আগে বৃহস্পতিবার সৌদি আরবের ভূখণ্ডে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে হুতিরা। এর আগে সৌদি নেতৃত্বাধীন জোট দাবি করেছিল, তাদের বাহিনী মদিনা অঞ্চলে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। মদিনায় ইসলামের অন্যতম পবিত্র ধর্মীয় স্থাপনা অবস্থিত।

source: Asia Post

Back to top button