News

আশুলিয়ায় কারখানার আগুনে ৬ জনের মৃত্যু, শ্রমশক্তির শোক

আশুলিয়ার জামগড়া এলাকায় একটি টেক্সটাইল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৫০ জনেরও বেশি শ্রমিক। মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক ও উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় শ্রমিক শক্তি।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে জামগড়া চৌরাস্তা সংলগ্ন প্রীতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে।

​ঘটনার সময় কারখানার ভেতরে প্রায় ৬০০ শ্রমিক কর্মরত ছিলেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হলেও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গ সংগঠন (শ্রমিক উইং) জাতীয় শ্রমিক শক্তির পক্ষ থেকে এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

এক যৌথ বিবৃতিতে জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির ও সদস্য সচিব ঋআজ মোর্শেদ বলেন, শিল্পকারখানায় শ্রমিকের জীবন ও নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের আপস করার সুযোগ নেই। বিশেষ করে কারখানার বয়লার, বৈদ্যুতিক ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা ও জরুরি নির্গমন ব্যবস্থার নিয়মিত পরিদর্শন ও যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

​বিবৃতিতে নেতারা নিহত শ্রমিকদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের দ্রুত আরোগ্য ও উপযুক্ত চিকিৎসার দাবি জানান তারা।

source: Asia Post

আরো দেখুন
Close
Back to top button