News

ধাওয়া খেয়ে ডাবগাছে আশ্রয়, সাড়ে ৩ ঘণ্টা পর নামলেন যুবক

জামালপুর শহরে চুরির চেষ্টার অভিযোগে ধাওয়া খেয়ে একটি ডাবগাছে উঠে পড়েন এক যুবক। এরপর দীর্ঘ সময় ধরে চেষ্টা করেও তাকে গাছ থেকে নামাতে পারছিল না ফায়ার সার্ভিস ও পুলিশ। প্রায় সাড়ে তিন ঘণ্টা গাছের ওপর থাকার পর শেষ পর্যন্ত পরিচিত স্থানীয় লোকজনের উপস্থিতিতে নিজেই নিচে নেমে আসেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের টিক্কাপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১২টার দিকে তাকে গাছ থেকে নামানো সম্ভব হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত ৯টার দিকে ওই যুবক এলাকায় চুরির চেষ্টা করছিলেন। এসময় স্থানীয় লোকজন তাকে দেখতে পেয়ে ধাওয়া করেন। পালানোর চেষ্টা করতে গিয়ে তিনি একটি ডাবগাছে উঠে পড়েন। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও গাছ থেকে নামতে রাজি হননি তিনি।

রাত ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের কর্মীরা বিভিন্ন কৌশলে তাকে নামানোর চেষ্টা করেন। বুঝিয়ে ও বিভিন্ন প্রলোভন দেখিয়েও প্রথমদিকে তাকে নামানো যায়নি। এমনকি একপর্যায়ে জামালপুর পৌরসভার সব সড়কবাতি নিভিয়ে দেওয়া হয়। তাতেও কাজ হয়নি। পরে স্থানীয় পরিচিত ব্যক্তিরা ঘটনাস্থলে গেলে তাদের দেখে নিজেই গাছ থেকে নেমে আসেন ওই যুবক।

এ বিষয়ে জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার রবিউল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, এক যুবক চুরি করতে গিয়ে ডাব গাছে আটকা পড়েছেন, এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। প্রথমে ওই যুবক গাছ থেকে নামতে রাজি হচ্ছিলেন না। তার ধারণা ছিল, নিচে নামলেই পুলিশ তাকে ধরে নিয়ে যাবে। পরে আমরা তাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তিনি নামতে রাজি হননি। একপর্যায়ে সাড়ে তিন ঘণ্টা পর তিনি নিজেই গাছ থেকে নেমে আসেন। তিনি অনেক ভয় পেয়েছিলেন। পরে তাকে বুঝিয়ে স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেওয়া হয়েছে।

source: Asia Post

Back to top button