উড্ডয়নের পর খুলে পড়ল বিমানের চাকা, ঢাকায় জরুরি অবতরণ

কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৪৩৬ ফ্লাইটের মূল ল্যান্ডিং গিয়ারের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। এ ঘটনায় জরুরি অবস্থা ঘোষণা করে ঢাকায় অবতরণ করে উড়োজাহাজটি।
শনিবার (১০ অক্টোবর) বিকেল ৩টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি। এতে বিমানের সব যাত্রী ও ক্রু নিরাপদে থাকেন।
বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্র জানায়, উড্ডয়নের পর খুলে পড়া চাকাটি কক্সবাজারের সমিতিপাড়া এলাকার কাছে মাটিতে পড়ে। বিষয়টি জানতে পেরে পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন এবং জরুরি অবস্থা ঘোষণা করেন।
অবতরণের আগে উড়োজাহাজটি টাঙ্গাইল ও নাগরপুর এলাকার আকাশে কয়েক দফা চক্কর দেয়। এ সময় জ্বালানি কমিয়ে আনা হয়।
পাশাপাশি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে ফায়ার সার্ভিস ও জরুরি সেবাকর্মীদের প্রস্তুত রাখা হয়, যাতে জরুরি অবতরণের সময় প্রয়োজনীয় সহায়তা দেওয়া যায়। কড়া নিরাপত্তা নিশ্চিত করে উড়োজাহাজটি অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে, অনিবার্য অপারেশনাল ও কারিগরি কারণে ফ্লাইটটি নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বিত হয়। তবে সব যাত্রী ও ক্রু নিরাপদে ঢাকায় পৌঁছেছেন। এ ঘটনায় যাত্রী বা ক্রুদের কোনো সমস্যা হয়নি বলেও জানিয়েছে সংস্থাটি।
ফ্লাইট বিলম্বের কারণে যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিচালনাগত মান বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বিমান।
source: Asia Post







