৮৫২ শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশনের

সিরাজগঞ্জ জেলার ১৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৮৫২ মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেছে খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টা ৫৫ মিনিটে এক অনুষ্ঠানে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রধান অতিথি খাজা টিপু সুলতান।
সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপপরিচালক, স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান, বেলকুচি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শহিদুল হাসান, সিরাজগঞ্জ জেলার শিক্ষা অফিসার খন্দকার মো. আব্দুল্লাহ আল মামুন এবং বেলকুচি থানার অফিসার ইন-চার্জ মোক্তারুজ্জামান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সোহাগপুর নতুন পাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম সরকার (সোহেল)। স্বাগত বক্তব্য রাখেন সোহাগপুর নতুন পাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মেহেদী মাসুদ।
এ ছাড়া বেলকুচি উপজেলার সোহাগপুর নতুন পাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলার শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও সমাজের বিভিন্ন স্তরের পেশাজীবী উপস্থিতি ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে টিপু সুলতান বলেন, ‘আজকের দিনে এ ফাউন্ডেশনের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে আমরা প্রার্থনা করি ভালো মানুষ হয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াব, সত্য বলব, প্রতারণা করব না, অন্যের বৈধ অধিকারকে নিজের স্বার্থের চেয়ে প্রাধান্য দেব এবং আত্মশুদ্ধি অর্জন করব।’
ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের উপস্থাপনায় নানাবিধ মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘মেধায় মাতি’ পর্বটি ছিল অন্যতম আকর্ষণ। উপস্থিত সবাই এ অনুষ্ঠানে আনন্দে মেতে ছিলেন।
ফাউন্ডেশনের বৃহত্তর উত্তর অঞ্চলের প্রধান সমন্বয়কারী ছায়েদুল ইসলাম ভুঞা রোমেলের সার্বিক সমন্বয়ে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী মো. শাহজাহান, বৃহত্তর ঢাকা অঞ্চলের প্রধান সমন্বয়কারী মেজবাউল আলম রিপন, উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. শামছুল আলমসহ আরও অনেকে।
উল্লেখ্য, ২০০১ সাল থেকে খাজা মোজাম্মেল হক (র.) ফাউন্ডেশন বৃত্তিপ্রদান কার্যক্রমের পাশাপাশি আরও ২টি মানবকল্যাণ কার্যক্রম করে আসছে। অভিজ্ঞ ডাক্তারের সমন্বয়ে ঢাকার শ্যামলীতে ও শ্রীমঙ্গলের জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং শুধুমাত্র খাজা শাহ ইউনুছ আলী এনায়েতপুরী (র.)-এর নেছবতভুক্ত অসচ্ছল কর্মক্ষম ভক্তবৃন্দের মাঝে ‘ছাদকা-ই –জারিয়া’ হিসেবে এককালীন মূলধন প্রদান করে আসছে।
source: Asia Post







