ক্রিকেটারদের জন্য মসজিদ নির্মাণ করছে বিসিবি
ক্রিকেটারদের নামাজ আদায়ের সুবিধার্থে মিরপুরের বিসিবি প্রাঙ্গণে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। বিসিবি সভাপতি তামিম ইকবাল ও অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ইতোমধ্যে সম্ভাব্য জায়গা পরিদর্শন করে নির্মাণের জন্য স্থান চূড়ান্ত করেছেন।
বর্তমানে অনুশীলন কিংবা ম্যাচের সময় নামাজ আদায়ের জন্য ক্রিকেটারদের বিসিবি প্রাঙ্গণের বাইরে যেতে হয়। সেই সমস্যা দূর করতেই এবার বোর্ডের নিজস্ব প্রাঙ্গণে মসজিদ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
শনিবার বিসিবি সভাপতি তামিমকে সঙ্গে নিয়ে মসজিদের জন্য নির্ধারিত জায়গা দেখেন মুশফিক। দীর্ঘদিন ধরেই ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য পরিচিত বাংলাদেশের সাবেক অধিনায়ক। মসজিদ নির্মাণের পরিকল্পনাতেও তাকে সম্পৃক্ত রাখা হয়েছে।
তবে মসজিদের নির্মাণকাজ কবে শুরু হবে, এর আকার কেমন হবে কিংবা প্রকল্পের ব্যয় কত হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
তামিম চলতি বছর বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর ক্রিকেটারদের সুযোগ-সুবিধা ও অবকাঠামো নিয়ে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে বিসিবি প্রাঙ্গণে নিজস্ব মসজিদ নির্মাণের পরিকল্পনা।
source: Asia Post







