কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাদের উদ্দেশে অভিনেত্রী বাঁধনের আহ্বান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিনিয়র নেতাদের উদ্দেশে অভিনেত্রী আজমেরী হক বাঁধন বলেছেন, আমি আসলে তাদের সমস্ত নেতা যারা বড় বড় লিডার আছেন—তাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা একটি বড় দল, সাময়িকভাবে হয়তো আপনাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। কিন্তু আপনারা তো ভবিষ্যতে রাজনীতি করবেন। তাই আপনারা কী ধরনের রাজনীতি করবেন, সেটির কিন্তু একটি রূপরেখা আপনারা তৈরি করছেন। আপনারা এমন রূপরেখা তৈরি করবেন না, যেটির জন্য আপনাদের ভবিষ্যতে লজ্জিত হতে হয়।
ইতালি থেকে দেশে ফিরে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
চলচ্চিত্র উৎসবে গিয়ে হামলার ঘটনার পর ইতালির পুলিশের ভূমিকার কথা তুলে ধরে বাঁধন বলেন, তাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। সেখানে যে রাষ্ট্রদূত আছেন, সেই ভাইয়া অত্যন্ত সহযোগিতাপূর্ণ ছিলেন। ইতালির সরকারও ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে। ওখানকার কালচারাল মিনিস্টার ও আন্ডার সেক্রেশনের সঙ্গে আমার দেখা হয়েছে। ওখানকার পুলিশ ডিপার্টমেন্ট আমাকে অনেক সাহায্য করেছে এবং প্রতিদিন ২৪ ঘণ্টা নিরাপত্তা দিয়েছে। আমি ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলাম, সেই ফেস্টিভ্যালের ডিরেক্টরও আমাকে খুব সাপোর্ট করেছেন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতালিতে যে ঘটনাটি ঘটেছে, তা আসলে খুবই দুঃখজনক। আমি এসব কথা বলায় আমার প্রবাসী ভাইদের অনেকেই কষ্ট পেয়েছেন। কিন্তু তারা তো আমারই ভাই, তারা আমার বাংলাদেশি ভাই। সেই প্রবাসী ভাইয়েরা আমার গায়ে হাত তুলেছেন, আমাকে আক্রমণ করেছেন, আমার সঙ্গে বর্বর আচরণ করেছেন এবং অত্যন্ত জঘন্যভাবে আক্রমণ করেছেন। এর ফলে বিদেশের মাটিতে আমাদের বাংলাদেশের ভাবমূর্তিই ক্ষুণ্ণ হয়েছে। বিদেশিরা ভাববে যে আমরা হয়তো জাতিগতভাবে সারাক্ষণ মারামারি করতেই থাকি। যে যেখানেই যাচ্ছে, সেখানেই আক্রমণের শিকার হচ্ছে—এটি একেবারেই গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, আমি একটি কথা বলতে চাই, যারা এই (কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ) দলের সমর্থক—তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনারা দলকে ভালোবাসতে পারেন, দলকে সমর্থন করতে পারেন, কিন্তু অন্ধ সমর্থক হবেন না। আজ যদি আপনাদের কোনো আইনি সাজা হয়, তবে আপনার পরিবারই ভুক্তভোগী হবে। কিন্তু যারা বড় বড় নেতা, যারা আরামে দেশে-বিদেশে ঘুরে বেড়াচ্ছে এবং বিদেশের মাটিতে বসে অডিও বার্তা দিয়ে আপনাদের উসকে দিচ্ছে—তাদের জীবন কিন্তু আপনার মতো কষ্টের নয়। আপনারা এত কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে বিদেশ থেকে টাকা বাংলাদেশে পাঠান, যার ওপর ভিত্তি করে আমাদের দেশের অর্থনীতি চলে। আপনারা প্লিজ এমনটি করবেন না, এটি আমার অনুরোধ। আপনারা যা করেছেন তা খুবই অন্যায় ও বর্বর কাজ, এমনটা আর করবেন না।
দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অভিনেত্রী বাঁধন বলেন, আমি বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যারা আমাকে এভাবে সমর্থন করেছেন। অনেক বিরোধী দলের নেতা-নেত্রী এবং সরকারের পক্ষ থেকেও যারা আছেন, তারা আমাকে সমর্থন দিয়েছেন। তাদের এই সমর্থন আমি কখনো ভুলতে পারব না। বাংলাদেশের সাধারণ মানুষ এবং যেসব প্রবাসী বাঙালি আমাকে এভাবে সাপোর্ট করেছেন, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ।
সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মনে হয়, যারা এই আক্রমণটি চালাচ্ছেন, তারা নিজেদেরই বিপদে ফেলছেন। কারণ তারা ভাবছেন আক্রমণ করে পার পেয়ে যাবেন। আজ তারা আমার গায়ে হাত তুলেছেন—এমন নয় যে শুধু দূর থেকে গালি দিয়েছেন, স্লোগান দিয়েছেন বা পানি ছিটিয়েছেন; তারা প্রত্যক্ষভাবে আমার গায়ে হাত তুলেছেন। তাদের এই বর্বরতা বন্ধ হতেই হবে। আমার ধারণা, তারা এভাবে আসলে নিজেদের আশ্রয়কেই অনিরাপদ করে তুলছেন, আমাদের নয়।
source: Asia Post







