নিখোঁজের রাতে ভয়েস মেসেজে বাসায় আসার কথা জানান তাহসিফ

রাজধানীর তুরাগ নদীর একটি ঘাটসংলগ্ন এলাকা থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সৌরির (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
এর আগে গত ২৭ অক্টোবর নিখোঁজ হওয়ার আগেও রাত ১টার দিকে পরিবারের কাছে ভয়েস মেসেজ পাঠিয়েছিল তাহসিফ। সেই মেসেজে বাসায় ফিরছেন বলে জানিয়েছিলেন তিনি। এমনটাই জানান তার বাবা কেএম এনায়েতুল করীম।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গ থেকে লাশ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
ঘটনার বিস্তারিত তুলে ধরে তাহসিফের বাবা জানান, বাসা থেকে বের হওয়ার সময় তাহসিফ তার মাকে বলে গিয়েছিলেন যে তিনি নিচ থেকে একটু কথা বলে আসছেন। কিন্তু এরপর আর তিনি বাসায় ফিরে আসেননি। নিখোঁজের আগে বিকেলে ‘দীপ’ নামের বন্ধুর সঙ্গে দেখা করতে বাইরে গিয়েছিল সে। পরে রাত ১টা ৩৫ মিনিটে ভয়েস মেসেজে জানিয়েছিল, সে দ্রুতই আসছে।
তবে পরবর্তীতে ওই ব্যক্তির কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি ঘটনা সম্পর্কে কিছুই জানেন না বলে জানিয়েছেন দীপ।
নিহতের বাবা জানান, ঘটনার আগের দিন তাহসিফ তার মায়ের সঙ্গে কেনাকাটা করেছিলেন এবং বেশ প্রফুল্ল মেজাজেই ছিলেন। কারো সঙ্গে কোনো ঝগড়া বা শত্রুতার তথ্য পরিবারের জানা ছিল না। সত্য উদ্ধার ও জড়িতদের চিহ্নিত করতে সরকারি নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।
উত্তরার ১৮ নম্বর সেক্টরে দাফন ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর পরিবার আনুষ্ঠানিকভাবে আইনি পদক্ষেপ গ্রহণ ও মামলা দায়ের করার সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন তিনি।
source: Asia Post







