News

‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড-২৬’ পাচ্ছেন সাংবাদিক মাহমুদ সোহেল

পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমে বিশেষ ভূমিকা রাখায় ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড-২৬’ পাচ্ছেন গাজী টেলিভিশনের বার্তা সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. মাহমুদুর রহমান (মাহমুদ সোহেল)।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

পরিবেশবাদী সংগঠন ‘সবুজ আন্দোলন’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বছর তিনটি প্রতিষ্ঠান ও চারজন বিশিষ্ট নাগরিককে ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড-২৬’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যক্তি পর্যায়ে সাংবাদিকতার মাধ্যমে পরিবেশগত সচেতনতা সৃষ্টিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে মাহমুদ সোহেলকে এই সম্মাননার জন্য নির্বাচিত করা হয়।

দীর্ঘ ২৩ বছরের বৈচিত্র্যময় সাংবাদিকতা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রিপোর্টিং দিয়ে পেশাজীবন শুরু করেন মাহমুদ সোহেল। এই পথচলায় রেডিও, টেলিভিশন, সংবাদপত্র এবং ডিজিটাল প্ল্যাটফর্ম গণমাধ্যমের প্রতিটি মাধ্যমেই তিনি দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

আগে তিনি দিগন্ত টেলিভিশন, এসএটিভি, এটিএন নিউজ ও দৈনিক আজকের পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া দেশ টিভির অনলাইন ইনচার্জ, জিটিভির ডিজিটাল বিভাগের প্রধান ও বিশেষ প্রতিনিধি হিসেবে কাজের পর সম্প্রতি প্রতিষ্ঠানটির বার্তা সম্পাদক হিসেবে পদোন্নতি পেয়েছেন তিনি।

সাহসী সাংবাদিকতার কারণে কর্মজীবনে নানা প্রতিকূলতা ও হুমকির মুখোমুখি হতে হয়েছে মাহমুদ সোহেলকে। দুর্নীতিবিষয়ক প্রতিবেদন প্রকাশের জেরে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির করা মামলায় তাকে একাধিকবার রংপুর আদালতে হাজিরা দিতে হয়। এ বিষয়ে সংবাদ প্রকাশ বা সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুললে সচিবালয়ে ডেকে নিয়ে তাকে গুম করার হুমকিও দেওয়া হয়েছিল বলে তিনি জানান।

পুরস্কার ও নতুন দায়িত্বপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে মাহমুদ সোহেল এশিয়া পোস্টকে বলেন, ‘আমার এই দীর্ঘ পথচলা ছিল নানা চড়াই-উতরাই ও প্রতিকূলতায় ভরা। দিগন্ত টেলিভিশন বন্ধ হয়ে যাওয়ার পর বেকারত্ব ও পারিবারিক সংকটের চরম কঠিন সময় পার করতে হয়েছে। অসুস্থ ও প্যারালাইজড মাকে গ্রামের বাড়িতে পাঠাতে বাধ্য হয়েছিলাম। পরবর্তীতে পুনরায় চাকরি পেলেও মাকে আর নিজের কাছে ফিরিয়ে আনতে পারিনি, তার আগেই তিনি পৃথিবী থেকে বিদায় নেন।’ এই সংগ্রামের দিনগুলোতে পাশে থাকা সহকর্মী ও স্বজনদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বুধবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলায় সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বিদ্যুৎ ঘাটতি নিরসনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এ ছাড়া বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, পরিবেশবিদ ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির, নগর পরিকল্পনাবিদ মেহেদী আহসান, ড. আদিল মুহাম্মদ খান ও ড. ফরহাদুর রেজাসহ দেশবরেণ্য গুণীজনেরা।

source: Asia Post

Back to top button