News

ভুয়া তথ্য নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ সারা বিশ্বের সমস্যা: তথ্যমন্ত্রী

ভুয়া সংবাদ, প্রেক্ষাপটবিহীন খবর ও বিকৃত তথ্য নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ শুধু বাংলাদেশের নয়; এটি সারা বিশ্বের সমস্যা বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

বুধবার (২১ অক্টোবর) রাতে ভোলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ নিয়ন্ত্রণের পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা জরুরি। সাইবার নিরাপত্তা আইনসহ প্রাসঙ্গিক আইনি কাঠামোর মাধ্যমে মানুষের সুরক্ষা ও ভুয়া তথ্য নিয়ন্ত্রণে কাজ চলছে।

তিনি আরও বলেন, ভুয়া সংবাদ নিয়ন্ত্রণে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা চলছে। বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমের মালিকদের সঙ্গেও কথা বলা হচ্ছে। এ ক্ষেত্রে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদ নিয়ন্ত্রণের মধ্যে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন। এ বিষয়ে শিগগিরই একটি পরিণত অবস্থানে পৌঁছানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

ধর্মীয় সম্প্রীতির বিষয়ে আন্দালিব রহমান পার্থ বলেন, জাতীয়তাবাদী সরকার সহমত ও সহাবস্থানে বিশ্বাস করে। বাংলাদেশে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির মধ্য দিয়ে বসবাস করবেন—এমন পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করতে চায়।

তিনি আরও বলেন, ধর্মীয় উৎসবসহ সব ক্ষেত্রে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

এ সময় মন্ত্রী ভোলার বিকাশ মজুমদারবাড়ির পূজামণ্ডপ, অনুজকাহালী লেনের পূজামণ্ডপ, মদনমোহন মন্দির, ওয়েস্টার্ন পাড়ার শতদল বিকাশ ক্লাবসংলগ্ন পূজামণ্ডপ, মিহিরলাল সাহার বাড়ির পূজামণ্ডপ, লক্ষ্মীগোবিন্দ মন্দির, বাপ্পা মহাজনের পোলের পূজামণ্ডপ, বাপ্তা শক্তি সংঘের পূজামণ্ডপ ও সার্কুলার রোডের পূজামণ্ডপ পরিদর্শন করেন।

source: Asia Post

Back to top button