শাশুড়িকে মারধর, ভিডিও ছড়াতেই পুত্রবধূ আটক

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পারিবারিক বিরোধের জেরে ৬২ বছর বয়সি শাশুড়িকে মারধরের ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত্র ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত পুত্রবধূকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটক লিমা আক্তার (২১) ওই গ্রামের সিদ্দিক মেম্বার বাড়ির আবু ইউসুফ ভুট্টুর স্ত্রী। ভুক্তভোগী আরজিনা বেগম তার শাশুড়ি।
জানা গেছে, বুধবার সকালে পারিবারিক বিরোধের জেরে আরজিনা বেগমকে মারধরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি পুলিশের নজরে এলে তারা দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত লিমা আক্তারকে আটক করে। একই সঙ্গে আহত আরজিনা বেগমকে উদ্ধার করে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, শাশুড়িকে মারধরের অভিযোগে পুত্রবধূকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
source: Asia Post







