শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসায় ভাঙচুর, শিক্ষক পলাতক

ঢাকার সাভারে ১৩ বছর বয়সি এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মহিলা মাদ্রাসায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় মাদ্রাসায় আটকে পড়া কয়েকজনকে উদ্ধারে গেলে পুলিশের ওপর হামলার চেষ্টা করেন স্থানীয়রা। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর এলাকার তোফাতুল মহিলা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মাদ্রাসার ১৩ বছর বয়সি এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল বারীর বিরুদ্ধে। এ খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন মাদ্রাসায় জড়ো হন। একপর্যায়ে সেখানে ভাঙচুর ও বিক্ষোভের ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে যায়।
এ সময় মাদ্রাসায় আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করলে পুলিশের ওপর হামলার চেষ্টা করা হয় বলে জানা গেছে। পরে পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে নারী ও শিশুসহ কয়েকজনকে উদ্ধার করে।
পুলিশের ভাষ্য, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আগেও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল। বুধবারের ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। এ সময় তার পরিবারের সদস্যদের ওপরও হামলা চালায় এলাকাবাসী। এ সময় পুলিশের ওপর হামলা চালানোর চেষ্টা করে।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত শিক্ষক বা মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে থাকলেও পুলিশের হস্তক্ষেপে ধীরে ধীরে শান্ত হচ্ছে।
source: Asia Post







