News

নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, জানাল আইন মন্ত্রণালয়

দীর্ঘ ৩৫ বছর পর ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ার মধ্যেই শপথ পড়ানো নিয়ে তৈরি হওয়া প্রশ্নের অবসান হয়েছে। সংবিধানের সংশ্লিষ্ট বিধান পর্যালোচনা করে আইন মন্ত্রণালয় জানিয়েছে, নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার।

মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো চিঠির জবাবে আইন মন্ত্রণালয় এ মতামত দিয়েছে।

মন্ত্রণালয়ের মত অনুযায়ী, বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। এ কারণে সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করছেন। ফলে রাষ্ট্রপতির শপথ পড়ানোর দায়িত্বও ডেপুটি স্পিকার পালন করতে পারবেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে দুপুর ২টা শুরু হওয়া দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। এতে বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরো পড়ুন

সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তবে একাধিক প্রার্থী থাকায় সাংবিধানিক বিধান অনুযায়ী ভোট গ্রহণ করা হচ্ছে।

রাষ্ট্রপতির শপথ পরিচালনার সাংবিধানিক বিধান নিয়ে স্পষ্ট মতামত চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ আইন মন্ত্রণালয়ে ফাইল পাঠায়। পর্যালোচনা শেষে মন্ত্রণালয় জানায়, বর্তমান স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় তার সাংবিধানিক দায়িত্বগুলো ডেপুটি স্পিকার পালন করছেন।

সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকারের পদ শূন্য হলে কিংবা স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলে ডেপুটি স্পিকার তার দায়িত্ব পালন করেন। সেই হিসাবে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর ক্ষেত্রেও ডেপুটি স্পিকারই যথাযথ কর্তৃপক্ষ বলে মত দিয়েছে আইন মন্ত্রণালয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন। তাদের মধ্যে সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্য রয়েছেন। চট্টগ্রাম-৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা ও সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার সুযোগ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাতিল করায় ওই আসনটি বর্তমানে শূন্য রয়েছে।

ভোট গ্রহণ ও ফল ঘোষণার পর শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

শপথ অনুষ্ঠান বঙ্গভবনে হলেও এর সার্বিক আয়োজনের দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতিসহ রাষ্ট্র ও সরকারের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এর আগে, সর্বশেষ ১৯৯১ সালের ৮ অক্টোবর সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হয়েছিল। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে আওয়ামী লীগের প্রার্থী বদরুল হায়দার চৌধুরীকে ৯২ ভোটে পরাজিত করেন।

source: Asia Post

আরো দেখুন
Close
Back to top button