আমিরাতে ভিসা জটিলতা নিরসনে কাজ করছে সরকার: প্রবাসীকল্যাণমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি প্রবাসীর ভিসা বাতিল হওয়ার বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ বিষয়ে দেশটিতে থাকা বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে গণবিজ্ঞপ্তি জারি করে ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহ করছে এবং একটি সমন্বিত ডেটাবেজ তৈরির কাজ চলছে।
সোমবার (১৭ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশন, দুবাইয়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন।
প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, ভিসা বাতিলের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। কারণ অনুসন্ধানের পাশাপাশি এ বিষয়ে সরকারিভাবে প্রয়োজনীয় কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হবে।
২০২৪ সালের জুলাই-পরবর্তী সময় থেকে সংযুক্ত আরব আমিরাতে ফ্যামিলি, স্টুডেন্ট, ট্যুরিস্ট ও এমপ্লয়মেন্ট ভিসা এবং এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা ট্রান্সফারের ওপর আরোপিত কড়াকড়ি সম্পর্কে সরকার পুরোপুরি অবগত বলেও উল্লেখ করেন তিনি। যৌথ কূটনীতি ও সর্বোচ্চ সরকারি পর্যায়ের হস্তক্ষেপের মাধ্যমে এ সমস্যা দ্রুত সমাধানের চেষ্টা চলছে। এ কাজে দুবাই সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সিআইপি ব্যবসায়ীদের সুসম্পর্ককে কাজে লাগানোর আহ্বান জানান মন্ত্রী।
প্রবাসীদের জন্য বিশেষ উদ্যোগ ও প্রতিশ্রুতি
মতবিনিময় সভায় প্রবাসীদের কল্যাণে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও সুবিধার কথা তুলে ধরা হয়।
বিনিয়োগে বিশেষ কোটা ও কর ছাড়: দেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা হাই-টেক পার্কে প্রবাসী বাংলাদেশি বিনিয়োগকারীদের জন্য জমি, প্লট বা অবকাঠামো বরাদ্দে বিশেষ কোটা এবং কর ছাড় সুবিধা দেওয়া হবে। বিডা, কাস্টমস ও এনবিআরের প্রশাসনিক জটিলতা এড়াতে ‘ওয়ান-স্টপ সার্ভিস’-এর মাধ্যমে দ্রুত ডিজিটাল সেবা নিশ্চিত করা হবে।
প্রবাসী কার্ড চালু: অতি দ্রুত সর্বজনীন ও স্বচ্ছ ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে দেশে সরকারি-বেসরকারি হাসপাতালে সাশ্রয়ী ও অগ্রাধিকারভিত্তিক চিকিৎসাসেবা এবং ব্যাংকিং চ্যানেলে অর্থ প্রেরণ সহজ করা হবে।
বিমান ভাড়া ও টিকিট সিন্ডিকেট: টিকিট সিন্ডিকেট ভাঙতে এবং যুক্তিসঙ্গত বিমানভাড়া নিশ্চিত করতে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও এয়ারলাইনসগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।
আইন মানা ও সচেতনতার আহ্বান
প্রবাসী কল্যাণমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় আইন-কানুন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলার বিষয়ে সাধারণ প্রবাসীদের সচেতন করতে সিআইপিদের প্রতি আহ্বান জানান। বিশেষ করে সংবেদনশীল বিষয়ে ছবি বা ভিডিও ধারণ, সামাজিক যোগাযোগমাধ্যমে তা শেয়ার করা এবং এআইয়ের অপব্যবহার করে নেতিবাচক প্রচার চালানো থেকে বিরত থাকার তাগিদ দেন তিনি। অবৈধ কর্মকাণ্ড রোধে মিশনগুলোর সঙ্গে যৌথ সচেতনতামূলক ক্যাম্পেইনের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সিআইপি অ্যাসোসিয়েশনের দাবি
বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল ভিসা চালুর জন্য কার্যকর পদক্ষেপ, বিদেশগামী কর্মীদের মান উন্নয়ন, সরকারি খরচে প্রবাসীদের মরদেহ দেশে আনা, প্রবাসী সন্তানদের শিক্ষার সুযোগ, সাশ্রয়ী বিমান টিকিট, ড্রাই ফুড প্রসেসিং প্ল্যান্ট স্থাপন এবং বিনিয়োগের মুনাফা বিদেশে প্রত্যাবাসনের সুযোগসহ বেশ কিছু দাবি তুলে ধরেন।
মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ এবং জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক জামিল আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
source: Asia Post







